আ.লীগের প্রার্থীর প্রচারের পিকআপ ভ্যান থেকে পড়ে দুই ছাত্রের মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর মোটর শোভাযাত্রার একটি পিকআপ ভ্যান থেকে ছিটকে পড়ে দুই স্কুলছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত আটটার দিকে চরমটুয়া ইউনিয়নের মনারখিল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

তবে আওয়ামী লীগের ওই চেয়ারম্যান প্রার্থী ও চরমটুয়া ইউপির বর্তমান চেয়ারম্যান কামাল উদ্দিন ওরফে বাবলু বলেন, সেখানে তাঁর নির্বাচনী কোনো শোভাযাত্রা ছিল না। সেটি ছিল প্রকৃতপক্ষে বিজয় দিবস উপলক্ষে শোভাযাত্রা। কিন্তু তাঁর নির্বাচনী প্রতিপক্ষ তাঁকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।

সড়ক দুর্ঘটনায় নিহত দুই ছাত্র হলো উপজেলার রাউলদিয়া গ্রামের মো. মোহনের ছেলে মেহেরাজ উদ্দিন (১২) ও ব্রক্ষ্মপুর গ্রামের মো. সবুজের ছেলে মো. সম্রাট (১১)। এর মধ্যে মেহেরাজ ঠেকারহাট হাজী আহম্মদ উল্যাহ উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এবং সম্রাট উদয় সাধুরহাট ইকরা প্রি-ক্যাডেট একাডেমির পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। ওই দুর্ঘটনায় আহত দুজন হলেন দক্ষিণ জগৎপুর গ্রামের নূর ইসলামের ছেলে মো. রাসেল (২০) ও মো. সেলিমের ছেলে মো. জয়নাল (২১)। তাঁদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বিকেল থেকে পিকআপ ভ্যানে উপজেলার ১ নম্বর চরমটুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিনের নির্বাচনী প্রচারণায় বের হন মেহেরাজ, সম্রাটসহ একদল কিশোর-তরুণ। রাত আটটার দিকে পিকআপটি চরমটুয়া ইউনিয়নের মনারখিল গ্রামের পীর মোছলেহ উদ্দিন সাহেবের মাজারের সামনে এসে পৌঁছলে এর পেছনের অংশ হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে পিকআপে থাকা মেহেরাজ, সম্রাট, রাসেল ও জয়নাল পিকআপ থেকে ছিটকে নিচে পড়ে যান। এ সময় মেহেরাজ পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় এবং অপর তিনজন আহত হন।

স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে দিবাগত রাত দুইটার দিকে সম্রাট মারা যায়।

তবে এ বিষয়ে চরমটুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন ওরফে বাবলু দাবি করেছেন, তাঁর নির্বাচনী কোনো শোভাযাত্রা ছিল না। সেটি ছিল প্রকৃতপক্ষে বিজয় দিবস উপলক্ষে শোভাযাত্রা। কিন্তু তাঁর নির্বাচনী প্রতিপক্ষ তাঁকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য অপপ্রচার চালাচ্ছেন।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, পিকআপ ভ্যান থেকে পড়ে নিহত দুই স্কুলছাত্রের লাশ আজ বৃহস্পতিবার সকালে গ্রামের বাড়িতে পৌঁছলে তাদের মা-বাবা ও স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। নিহত স্কুলছাত্রদের স্বজনেরা এ ঘটনার তদন্ত ও দোষী ব্যক্তির শাস্তি দাবি করেন।

এ বিষয়ে জানতে চাইলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে বিজয় দিবস উপলক্ষে স্কুলের শিক্ষার্থী ও কিশোর-তরুণেরা পিকআপ ভ্যানে চড়ে আনন্দ করতে বের হয়েছিল বলে জানা গেছে। একপর্যায়ে পিকআপ ভ্যান ব্রেক করলে পেছনের অংশ খুলে গিয়ে চারজন সড়কে ছিটকে পড়ে। এতে মেহরাজ নামের এক স্কুলছাত্র ঘটনাস্থলে, আর সম্রাট নামের আরেক স্কুলছাত্র রাতে ঢাকায় নেওয়ার পথে মারা যায়।

ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান, পিকআপ ভ্যানের চালক এবং নিহত দুই ছাত্র একই এলাকার বাসিন্দা। তাই এ ঘটনায় ওই দুই স্কুলছাত্রের পরিবার থানায় কোনো অভিযোগ করতে রাজি হয়নি।