আ.লীগের প্রার্থীর সমর্থকদের বাড়িতে কাদের মির্জার প্রার্থীর সমর্থকদের হামলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম
ছবি: প্রথম আলো

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী–সমর্থকদের বাড়িতে সেতুমন্ত্রীর ভাই কাদের মির্জার সমর্থক এক চেয়ারম্যান প্রার্থীর অনুসারীর ভাঙচুর ও লুটপাট চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ মঙ্গলবার দুপুরে মুছাপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম ওরফে শাহিন চৌধুরী মুছাপুর ইউনিয়নের বাংলাবাজারে তাঁর নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম চৌধুরী অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ব্যক্তিগত আক্রমণ করে বক্তব্য দেওয়ায় নির্বাচনী পরিবেশ ক্রমান্বয়ে অস্থিতিশীল ও ঘোলাটে হয়ে পড়ে। ওনার এমন বক্তব্যের কারণে তাঁর নেতা–কর্মীরা বেসামাল হয়ে পড়েছেন।

নজরুল ইসলাম চৌধুরীর অভিযোগ, গতকাল সোমবার বিকেলে তাঁর নারী কর্মী ও ১ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের নেত্রী শাহেদা আক্তারের বাড়িতে আবদুল কাদের মির্জার সমর্থক চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলীর নেতৃত্বে তাঁর অনুসারীরা অতর্কিত হামলা–ভাঙচুর ও লুটপাট চালান। হামলাকারীরা শাহেদার প্রবাসী স্বামী মিজানুর রহমান ও তাঁর বৃদ্ধা মাকে মারধর করে এবং ঘরের আসবাব ভাঙচুর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় তিনটি মামলার প্রস্তুতি নিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের চেয়্যারমান প্রার্থী নজরুল ইসলাম ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে আশঙ্কা প্রকাশ করে বলেন, নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে আবদুল কাদের মির্জার সমর্থক চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলীর পক্ষে বহিরাগত সন্ত্রাসী অস্ত্রধারীরা প্রতিনিয়ত এলাকায় এসে মহড়া দিচ্ছে এবং তাঁর কর্মীদের নানা হুমকি–ধমকি দিচ্ছে। এসব বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ করেও তিনি কোনো ফল পাননি। তাই নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান।

আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নজরুল ইসলামের এক নারী সমর্থককে মারধর এবং তাঁর কর্মীদের হুমকি–ধমকি দেওয়ার অভিযোগের বিষয়ে আবদুল কাদের মির্জার সমর্থক চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী প্রথম আলোকে বলেন, সোমবার বিকেলে তাঁর কিছু নারী কর্মী ৩ নম্বর ওয়ার্ডের হিন্দু অধ্যুষিত এলাকায় নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে ১ নম্বর ওয়ার্ডে শাহেদা আক্তারের স্বামী মিজানুর রহমান ও তার ভাই কচি তাঁদের ওপর হামলা চালান। এ সময় খবর পেয়ে তিনিসহ তাঁর অনুসারীরা ঘটনাস্থলে যান। এ সময় ধাওয়া দিয়ে হামলাকারীরা বাড়িতে ঢুকে যায়। এরপর তাঁরা নিজেরাই নিজেদের ঘরে ভাঙচুর করে এখন অপপ্রচার চালাচ্ছেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমেল প্রথম আলোকে বলেন, মৌখিকভাবে ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি।