আ.লীগের প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে ‘বিদ্রোহী’ প্রার্থীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ‘বিদ্রোহী’ চেয়ারম্যান প্রার্থীর ব্যবসাপ্রতিষ্ঠানে বুধবার রাতে ভাঙচুর চালানো হয়
ছবি: সংগৃহীত

শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থীর কার্যালয়, ব্যবসায় প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে। এ সময় ওই প্রার্থীর ১২ জন কর্মীকে মারধর করা হয়েছে।

আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা গতকাল ওই হামলা চালিয়েছেন বলে ‘বিদ্রোহী’ প্রার্থী অভিযোগ করেছেন। তবে এ হামলা চালানোর অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রার্থী মিজান মোহাম্মদ খান।

শরীয়তপুর সদরের পালং মডেল থানা সূত্র জানায়, শরীয়তপুর সদরের ডোমসার ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১ নভেম্বর। সেখানে আওয়ামী লীগের মনোনয়ন পান মিজান মোহাম্মদ খান। তিনি স্থানীয় আওয়ামী লীগের কোনো পদে নেই। আর মনোনয়ন না পেয়ে ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এবং ওই ইউপির সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান খান। মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলে আসছিল।

বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিদ্রোহী প্রার্থী মজিবুর রহমান ও আওয়ামী লীগের প্রার্থী মিজান মোহাম্মদ ডোমসার বাজারে কর্মী–সমর্থকদের নিয়ে নির্বাচন নিয়ে আলোচনা করছিলেন। রাত আটটার দিকে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এরই জেরে স্থানীয় বাজারে মজিবুর রহমান খানের দুটি ব্যবসায় প্রতিষ্ঠান ও একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। হামলাকারীরা তার বসতবাড়িতেও ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় হামলাকারীরা মজিবুর রহমানের ১০-১২ জন সমর্থককে মারধর করেন। খবর পেয়ে পালং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মজিবুর রহমান বলেন, ‘সন্ধ্যার পর ডোমসার বাজারে আমার ব্যক্তিগত কার্যালয়ে ১ নম্বর ওয়ার্ডের কর্মী ও ভোটারদের নিয়ে আলোচনা করছিলাম। এমন সময়ে হঠাৎ করে আওয়ামী লীগের প্রার্থীর ১৫০ থেকে ২০০ সমর্থক মিছিল নিয়ে আমার সমর্থকদের ওপর হামলা চালান। এরপর আমার বসতবাড়ি ও ব্যবসায় প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। আমি তাদের বিরুদ্ধে মামলা করব।’

মজিবুর রহমানের বসতবাড়ি , কার্যালয় ও ব্যবসায় প্রতিষ্ঠানে হামলা এবং তার কর্মীদের মারধর করার অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী মিজান মোহাম্মদ খান বলেন, ‘আমার বেশ কিছু সমর্থক বাজারের মধ৵ দিয়ে যাওয়ার সময়ে তাঁদের উদ্দেশ করে উস্কানিমূলক কথা ও ইটপাটকেল নিক্ষেপ করেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ইটের আঘাতে আমার কিছু নেতা–কর্মী আহত হয়েছেন। আমার সমর্থকেরা কোনো ভাঙচুরের ঘটনা ঘটাননি।’

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতার হোসেন প্রথম আলোকে বলেন, নির্বাচন নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডার জেরে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। দুটি দোকান ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো পক্ষই এখনো থানায় অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।