ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল
‘আ.লীগের বিভাজনে’ নেতৃত্বশূন্য ছাত্রলীগ
সবশেষ কাউন্সিল হয় ২০০৪ সালে। সে কমিটি ১২ বছর বহাল থাকে। পরে আহ্বায়ক কমিটি গঠন করলে এক বছরের মাথায় সেটিও বিলুপ্ত করা হয়।
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা ছাত্রলীগের কমিটি নেই তিন বছর ধরে। এর আগে আহ্বায়ক কমিটি গঠন করা হলেও তা একাংশের প্রত্যাখ্যান ও পৌর শাখার নেতা-কর্মীদের সংঘর্ষের জেরে বিলুপ্ত করা হয়।
নতুন করে কমিটি গঠন না হওয়া নিয়ে উপজেলার বিলুপ্ত কমিটির কয়েকজন নেতা জেলা ছাত্রলীগকে দায়ী করছেন। আর জেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির নেতারা দায়ী করছেন উপজেলা আওয়ামী লীগের নেতাদের মতের বিভাজনকে।
জেলা ছাত্রলীগের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় গত ১৮ জুন তা বিলুপ্ত করা হয়। নতুন কমিটি ঘোষণা করা হয় ১ আগস্ট। বিলুপ্ত কমিটির সভাপতি ছিলেন মাহবুব হোসেন। তিনি বলেন, সক্রিয় থাকতে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে রানীশংকৈল শাখার কমিটি গঠনের চেষ্টা করা হয়েছিল। কিন্তু স্থানীয় রাজনৈতিক সংকটের কারণে তা সম্ভব হয়নি। মাহবুব অভিযোগ করেন, সেখানকার আওয়ামী লীগের মধ্যে বিভাজন রয়েছে। সব পক্ষই নিজেদের মতো করে ছাত্রলীগের কমিটি চায়। কমিটি গঠনের উদ্যোগ নিয়েও ব্যর্থ হওয়ার কথা বলেন জেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ।
এসব অভিযোগ অস্বীকার করে রানীশংকৈল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সইদুল হক বলেছেন, স্থানীয় রাজনৈতিক সংকটের কারণে ছাত্রলীগের কমিটি হচ্ছে না—এটা ঠিক নয়। তিনি পাল্টা অভিযোগ করেন, জেলা ছাত্রলীগই ‘কোনো অদৃশ্য কারণে’ নতুন কমিটি গঠনে উদ্যোগ নেয়নি। জেলায় এখন নতুন নেতৃত্ব এসেছে। তাদের হাত ধরেই দ্রুত সময়ের মধ্যে রানীশংকৈল উপজেলা ছাত্রলীগের কমিটি পাওয়া যাবে।
জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি আজহারুল ইসলাম বলেন, অল্প সময়ের মধ্যে জেলার সব ইউনিট নতুন করে সাজানো হবে। সে সময় অগ্রাধিকার ভিত্তিতে রানীশংকৈল ছাত্রলীগের কমিটিও গঠনের উদ্যোগ নেওয়া হবে।
* ২০১৭ সালে সোহেল রানাকে আহ্বায়ক করে কমিটি ঘোষণা করে জেলা ছাত্রলীগ। * ২০১৮ সালের জুনে জেলা ছাত্রলীগ আহ্বায়ক কমিটিও বিলুপ্ত ঘোষণা করে।
দলীয় সূত্রে জানা যায়, ২০০৪ সালে সর্বশেষ রানীশংকৈল উপজেলা ছাত্রলীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়। তখন খাইরুল ইসলাম সভাপতি ও মোস্তাফিজুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর দীর্ঘ ১২ বছর খাইরুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান উপজেলা ছাত্রলীগের নেতৃত্ব দেন।
কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় ২০১৬ সালের ১০ সেপ্টেম্বর তা বিলুপ্ত ঘোষণা করা হয়। ২০১৭ সালের জুন মাসে সোহেল রানাকে আহ্বায়ক করে উপজেলা কমিটি ঘোষণা করে জেলা ছাত্রলীগ। এ কমিটি প্রত্যাখ্যান করে ছাত্রলীগের একাংশ। পরে রানীশংকৈল পৌর কমিটি গঠন নিয়ে ওই বছরের সেপ্টেম্বরে কয়েক দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুটি পক্ষ। এ অবস্থায় সংঘাত এড়াতে ২০১৮ সালের ২১ জুন উপজেলার আহ্বায়ক কমিটিও বিলুপ্ত করে জেলা ছাত্রলীগ। এর পর থেকে আর কমিটি গঠন করা হয়নি।
রানীশংকৈল উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক তামিম হোসেন বলেন, কমিটি গঠনে উদ্যোগ না নেওয়ায় যাঁদের নেতৃত্বের যোগ্যতা ছিল, তাঁদের অনেকেই নিরুৎসাহিত হয়ে সংগঠন থেকে সরে দাঁড়িয়েছেন। এর আগে কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগ, জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে যোগাযোগ করেও লাভ হয়নি।