কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাতকে নিয়ে মতবিনিময় সভা করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন। আজ শনিবার রাতে রাজধানীর রমনা এলাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট কেন্দ্রে ঢাকার কুমিল্লা সদর সমিতির উদ্যোগে ওই সভা হয়। সভায় কুমিল্লা নগরের উন্নয়ন ও কুমিল্লা নামেই কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবি জানানো হয়।
আ ক ম বাহাউদ্দিন কুমিল্লা-৬ (আদর্শ সদর, সিটি করপোরেশন ও সেনানিবাস) আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি। আরফানুল হক কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
সভায় উপস্থিত অন্তত তিনজন ব্যক্তি জানান, শনিবার সন্ধ্যা সোয়া সাতটায় ঢাকার কুমিল্লা সদর সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখীর সভাপতিত্বে কুমিল্লার উন্নয়ন ও কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে এক মতবিনিময় সভা হয়। সভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমান ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাহসীন বাহারসহ কুমিল্লা নগরের ও আদর্শ সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। রাত ৯টা ৪৫ মিনিট পর্যন্ত ওই সভা চলে।
সভায় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বলেন, ‘কুমিল্লার উন্নয়নে সবাইকে এক হতে হবে। কুমিল্লা নামেই কুমিল্লা বিভাগ হতে হবে। অন্য কোনো নামে নয়। কুমিল্লার মানুষের দাবি নিয়ে আমি বিভাগ বাস্তবায়নের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।’
আগামী ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন হবে।