আ.লীগের সম্মেলন উপলক্ষে আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে আগামীকাল শনিবার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। তবে স্থলবন্দর বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শফিকুল ইসলাম বলেন, আগামীকাল আখাউড়ায় উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হবে। সম্মেলনে আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন ও সিঅ্যান্ডএফ এজেন্টের প্রধান উপদেষ্টা এবং পৌর মেয়র তাকজিল খলিফা সাধারণ সম্পাদক হিসেবে প্রার্থী হয়েছেন। সম্মেলনে তাঁর পক্ষে স্থলবন্দরের সব ব্যবসায়ী ও শ্রমিক অংশ নেবেন। এ জন্য বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, স্থলবন্দর বন্ধের বিষয়টি ভারতের ব্যবসায়ীদেরও চিঠি দিয়ে জানানো হয়েছে। রোববার থেকে পুনরায় সব কার্যক্রম চালু হবে। তবে স্থলবন্দর বন্ধের সময়ে দুই দেশের পাসপোর্টধারীদের চলাচল স্বাভাবিক থাকবে।
দীর্ঘ ৯ বছর পর আগামীকাল উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হবে। এ উপলক্ষে আজ সকালে পৌর শহরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সম্মেলন প্রস্তুতি কমিটি। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন। সম্মেলনের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন প্রস্তুতি কমিটির কো-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. মনির হোসেন।
সম্মেলন কেন্দ্র করে ব্যানার, ফেস্টুন আর তোরণে উপজেলা ও পৌর শহরের সড়কগুলো ছেয়ে গেছে। সম্মেলনে স্থানীয় সাংসদ ও আইনমন্ত্রী আনিসুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা আছে। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এ ছাড়া জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত থাকবেন।
জয়নাল আবেদীন বলেন, ‘সম্মেলন ঘিরে তৃণমূলের নেতা–কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সর্বশেষ ২০১৩ সালে সম্মেলন হয়েছিল। পরে অনিবার্য কারণে আহ্বায়ক কমিটি বাতিল করে ২০১৪ সালে আমাকে আহ্বায়ক করে ৬১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়। তখন থেকে আইনমন্ত্রী আনিসুল হকের দিকনির্দেশনায় দল পরিচালনা হয়ে আসছে।’