কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী আরফানুল হক রিফাতকে বিজয়ী করতে আওয়ামী লীগ ৪১ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। কমিটিতে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও কুমিল্লার আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জহিরুল ইসলাম সেলিমকে আহ্বায়ক, চারজনকে যুগ্ম আহ্বায়ক এবং ৩৬ জনকে সদস্য রাখা হয়েছে।
আজ বৃহস্পতিবার কুমিল্লা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শিব প্রসাদ রায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়। কমিটিতে মহানগর আওয়ামী লীগের নেতা ছাড়াও অঙ্গসংগঠন, সিটি করপোরেশনের বিনা ভোটে জয়ী দুই কাউন্সিলর ও পেশাজীবী নেতাদের রাখা হয়েছে।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়মী লীগের মনোনয়ন চেয়েছিলেন যে অপর ১৩ নেতা, তাঁদের কাউকে বা তাঁদের অনুসারীদের ঘোষিত নির্বাচন পরিচালনা কমিটিতে রাখা হয়নি।
কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক প্রয়োজনীয় সংখ্যক সদস্য কো-অপ্ট করতে পারবেন।
তবে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক প্রয়োজনীয় সংখ্যক সদস্য কো-অপ্ট করতে পারবেন।
৪১ সদস্যবিশিষ্ট কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আবদুল বাকী আনিছ, আবদুল আলিম কাঞ্চন, যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর ও আতিকউল্লাহ খোকন।
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শিব প্রসাদ রায় বলেন, কাল শুক্রবার প্রতীক বরাদ্দ হবে। এরপর বাদ আসর মিলাদ শেষে নগরের ২৭ নম্বর ওয়ার্ডে নৌকা প্রতীকের পক্ষে মিছিল হবে। এর মধ্য দিয়ে আওয়ামী লীগ আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবে। কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক প্রয়োজনীয় সংখ্যক সদস্য কো-অপ্ট করতে পারবেন।
স্বাধীনতার পর ১৯৮৪ ও ১৯৮৯ সালে কুমিল্লা পৌরসভায় চেয়ারম্যান পদে দুবার আ ক ম বাহাউদ্দিন (কুমিল্লা-৬ আসনের বর্তমান সংসদ সদস্য) জয়ী হন। তিনি ছাড়া আর কেউ আওয়ামী লীগ থেকে এখানে জয়ী হননি। কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর দলটি টানা দুবার মেয়র পদে হেরেছে। এবার তারা কোমর বেঁধে নেমেছে। আগামী ১৫ জুন ওই নির্বাচন হবে।