আ.লীগের ৮০ হাজার ভোটার ভোট দিতে যাননি, দাবি বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট-৩ আসনের উপনির্বাচনে ফাঁকা কেন্দ্রের সামনে পাহারায় এক গ্রামপুলিশ। শনিবার সিলেটের দক্ষিণ সুরমার পূর্বভাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে
ছবি: প্রথম আলো

সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের ৮০ হাজার ভোটার ভোট দিতে যাননি বলে দাবি করেছে বিএনপি। একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর প্রাপ্ত ভোট ও উপনির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের প্রার্থীর ভোটের ফারাক তুলে ধরে বিএনপি বলছে, এর মাধ্যমে প্রমাণিত হয়েছে, বিএনপির নির্বাচন বর্জনের সিদ্ধান্তের প্রতি দেশপ্রেমিক জনতার পূর্ণ সমর্থন রয়েছে।

সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো জেলা বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি করা হয়। জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির কেন্দ্রীয় নির্দেশনার আলোকে এই প্রহসনের নির্বাচন বয়কট করে দলীয় নেতা-কর্মী ও দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলাবাসী প্রমাণ করেছেন, এই সরকার ও তাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের প্রতি জনগণের আস্থা নেই।

সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট-৩ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীর প্রাপ্ত ভোটের প্রসঙ্গ তুলে ধরে বলা হয়, প্রশ্নবিদ্ধ সেই নির্বাচনে মাহমুদুস সামাদ চৌধুরী পেয়েছিলেন ১ লাখ ৭০ হাজার ৫০৭ ভোট। এই উপনির্বাচনে নৌকার প্রার্থী হাবিবুর রহমান পেয়েছেন ৯০ হাজার ৬৪ ভোট। সরকারের হিসাবেই আওয়ামী লীগের ৮০ হাজার ৪৪৩ ভোটার নির্বাচনে ভোট দিতে যাননি।

এ জন্য সিলেট-৩ আসনের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার। তিনি বলেন, বিধ্বস্ত গণতন্ত্রকে জীবিত রাখতে একটি গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি এই সরকারের অধীনে বিগত নির্বাচনে অংশ নিয়েছিল। কিন্তু সরকার ও তাদের পুতুল নির্বাচন কমিশন নিরপেক্ষতা দেখাতে ব্যর্থ হয়ে সরকারি দলের প্রার্থীদের বিজয়ী করতে কাজ করেছে। নৌকার প্রার্থীর সেই ভোট আর এবারের জয়ী প্রার্থীর ভোটে বিরাট ফারাক প্রমাণ করে, সরকার ও নির্বাচন কমিশনের অধীনে আর কোনো নির্বাচনে অংশ না নেওয়ার বিএনপির সিদ্ধান্ত যথাযথ।

সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী মারা গেলে শনিবার উপনির্বাচন হয়। নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকলেও কেন্দ্রীয় নির্বাহী সদস্যপদে থাকা এবং এই আসনে দুবারের বিজয়ী বিএনপির সাবেক সাংসদ শফি আহমদ চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হয়েছে। মোট ৩ লাখ ৪৯ হাজার ৮৭৩ ভোটারের মধ্যে ১ লাখ ২০ হাজার ৫৯১ ভোটার ভোট দিয়েছেন। অর্থাৎ ৩৪ দশমিক ৪৬ শতাংশ ভোট পড়েছে।