আলু সংরক্ষণে হিমাগারের ভাড়া কমানোর দাবি চাষিদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলু সংরক্ষণে হিমাগারের ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন করেন চাষি ও ব্যবসায়ীরা। আজ রংপুর শহরের কাচারি বাজার এলাকায়
ছবি: প্রথম আলো

আলু সংরক্ষণে হিমাগারের ভাড়া কমানোর দাবিতে রংপুরে মানববন্ধন করেছেন চাষি ও ব্যবসায়ীরা। আজ রোববার দুপুর ১২টায় রংপুর বিভাগীয় আলুচাষি ও কল্যাণ সমিতির উদ্যোগে শহরের কাচারি বাজার এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

চলতি মৌসুম থেকে হিমাগারে সংরক্ষণের জন্য ৫০ কেজির আলুর বস্তাপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ২৬০ টাকা। এ ভাড়া কমিয়ে বস্তাপ্রতি ১৫০ টাকা করার দাবি জানিয়েছেন চাষিরা।

মানববন্ধনে এক সংক্ষিপ্ত সমাবেশে আয়োজক সংগঠনের আহ্বায়ক তৈয়বুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বণিক, আলুচাষি আলমগীর হোসেন, আবদুর রহিম প্রমুখ। পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, আলু চাষে উৎপাদন ব্যয় বৃদ্ধি ও বিক্রয়মূল্য অনেক কমে গেছে। বাজারে এখন আলুর দাম অনেক কম। তাই চাষিদের প্রতিবছরের মতো চলতি বছরও হিমাগারে আলু রাখতে হবে। কিন্তু সংরক্ষণের জন্য হিমাগারে ৫০ কেজি আলুর বস্তাপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ২৬০ টাকা। এতে চাষিরা ক্ষতির সম্মুখীন হবেন। তাই এ ভাড়া কমিয়ে বস্তাপ্রতি ১৫০ টাকা নির্ধারণ করার দাবি জানিয়েছেন তাঁরা।

পাশাপাশি আরও বলা হয়, চাষিদের আলু হিমাগারে সংরক্ষণ দেখিয়ে ব্যাংক থেকে ঋণ নেন হিমাগারমালিকেরা। সরকারিভাবে হিমাগার মালিকেরা নানা সুযোগ-সুবিধা গ্রহণ করে থাকেন। কিন্তু আলুচাষি ও ব্যবসায়ীদের তেমন কোনো সুবিধা নেই। হিমাগারের ভাড়া না কমালে পরবর্তী মৌসুমে আলুচাষে কৃষকেরা নিরুৎসাহিত হবেন।