আলো ঝলমলে রাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডায়মন্ড ওয়ার্ল্ড-প্রথম আলো ঈদ ফ্যাশন প্রতিযোগিতায় মডেলদের ক্যাটওয়াক l প্রথম আলো
ডায়মন্ড ওয়ার্ল্ড-প্রথম আলো ঈদ ফ্যাশন প্রতিযোগিতায় মডেলদের ক্যাটওয়াক l প্রথম আলো

কথা, সুর, নাচ আর গানের সঙ্গে ফ্যাশন কিউতে দেশসেরা র্যাম্প মডেলদের ক্যাটওয়াক। গতকাল শনিবার রাতে চট্টগ্রামে আলো ঝলমলে এই আয়োজন জানান দিয়েছে, খুশির ঈদ কড়া নাড়ছে। রং ও পোশাকে কেমন হবে এবারের ঈদ, তার খোঁজ মিলেছে ডায়মন্ড ওয়ার্ল্ড-প্রথম আলো ঈদ ফ্যাশন প্রতিযোগিতায়।
স্টাইল ও ফ্যাশনে দুনিয়াজোড়া পরিবর্তনের ঢেউ বইছে। বাংলাদেশও এর বাইরে নয়। রুচি ও মননের পরিবর্তনের ছাপ এসেছে পোশাকেও। চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল র্যাডিসন ব্লুর মোহনা মিলনায়তনের ফ্যাশন প্রতিযোগিতা সেই পরিবর্তনের কথাই বলেছে।
অনুষ্ঠানে শিল্পী কুমার বিশ্বজিৎ মঞ্চে এসেই ঈদের আগাম শুভেচ্ছা জানালেন আমন্ত্রিত দর্শকদের। তাঁর গানের আগে ছিল আকর্ষণীয় ফ্যাশন কিউ এবং নৃত্য। ‘মম চিত্তে নিতি নৃত্যে’ গানের সঙ্গে সঙ্গে সম্মিলিত নৃত্যের মধ্য দিয়ে ফ্যাশন প্রতিযোগিতার পর্দা ওঠে। এরপর পাঁচ মডেল মঞ্চে আসেন। শাড়ি ক বিভাগের এই প্রদর্শনীর ক্যাটওয়াকের সঙ্গে ছিল গান ‘বাতাসে কান পেতে থাকি’। এরপর ঈদের পাঞ্জাবি পরে মঞ্চে আসেন পাঁচ মডেল। এ সময় মাইকে বেজে ওঠে ‘যারে আমি বাসি ভালো’ গানটি।
সবচেয়ে আকর্ষণীয় ছিল শিশুদের পোশাক নিয়ে খুদে মডেলদের ক্যাটওয়াক। ‘আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই’ গানের সঙ্গে হেলেদুলে মঞ্চে পা রাখে আট শিশু। এ সময় দর্শকেরা তুমুল করতালি দিয়ে তাদের স্বাগত জানান।
গানের তালে তালে শাড়ি খ বিভাগ, সালোয়ার–কামিজ, ফিউশন, ফতুয়াসহ প্রতিযোগিতার বিভিন্ন পোশাক পরে মঞ্চে হাজির হন দর্শকেরা। ক্যাটওয়াকের ফাঁকে ফাঁকে ছিল সম্মিলিত নাচ। ছিল কথামালা।
অনুষ্ঠানে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, ২১০টি দেশে প্রথম আলো পাঠ করা হয়। প্রথম আলোর মাধ্যমে প্রবাসী বাঙালিরা দেশের খবর রাখেন। বাঙালি হিসেবে এটি গর্বের। তিনি বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাক। যাচ্ছে। নানা সমস্যা সত্ত্বেও এগিয়ে যাচ্ছি। এটাই বড় শক্তি।’
স্পনসর প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দীলিপ কুমার আগারওয়ালা সুন্দর এ আয়োজনের জন্য প্রথম আলোসহ সবাইকে ধন্যবাদ জানান।
কো-স্পনসর রিজেন্ট এয়ারওয়েজের ব্যবস্থাপনা পরিচালক মাশরুর হাবিব বলেন, চট্টগ্রামের ডিজাইনাররা অনেক ভালো ভালো কাজ করছেন। তাঁদের কাজকে সারা দেশের মানুষের কাছে তুলে ধরবে এ আয়োজন।
অনুষ্ঠানে দর্শক সারি থেকে মঞ্চে এসে বক্তব্য দেন অধ্যক্ষ সাফিয়া গাজি রহমান। তিনি বলেন, অনুষ্ঠান দেখে মনে হচ্ছে আজকেই ঈদ চলে এসেছে। এর আগে প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন।
বক্তৃতার পালা শেষে শিল্পী কুমার বিশ্বজিৎ মঞ্চে আসেন। ‘যেখানে সীমান্ত তোমার, সেখানে বসন্ত আমার’ গানটির সঙ্গে দর্শকেরা কণ্ঠ মেলান। শিল্পীর ‘পুতুলের মতো করে সাজিয়ে’ গানের সঙ্গে সঙ্গে নেচে ওঠেন অনেকে। সবশেষে গেয়ে শোনান ‘একতারা বাজাইও না’ গানটি।
সুরে সুরে সাংস্কৃতিক পর্ব শেষ হলেও বাকি ছিল সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার পর্ব। ১৭তম বছরে পা দেওয়া এই ফ্যাশন প্রতিযোগিতায় ১২টি বিভাগে পুরস্কার দেওয়া হয়। পুরস্কার তুলে দেন কুমার বিশ্বজিৎ, দীলিপ আগারওয়ালা ও মাশরুর হাবিব।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন শিল্পী আহমেদ নেওয়াজ, আইভি হাসান, নূরে জান্নাত নিপা, এইচ এম ইলিয়াস ও সিমাত মাহমুদ। অনুষ্ঠানের মূল স্পনসর ডায়মন্ড ওয়ার্ল্ড। কো–স্পনসর ছিল রিজেন্ট এয়ারওয়েজ।
সুব্রত বড়ুয়া রনির মঞ্চসজ্জায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ইমতু।
যেসব ফ্যাশন হাউস পুরস্কার পেয়েছে: এবারের প্রতিযোগিতার ১২টি বিভাগে চট্টগ্রামের মোট ৫০টি বুটিক হাউস অংশ নেয়। শাড়ি ক বিভাগে প্রথম হয় কাসফা বুটিক। দ্বিতীয় ও তৃতীয় হয় যথাক্রমে কালেকশন বুটিক ও ফারজানা’স ক্রিয়েশান। শাড়ি খ বিভাগে সেরা তিনটি পুরস্কার পায় যথাক্রমে তুলিস ক্রিয়েশান, কাসফা বুটিকস ও আব্রু। শাড়ি গ বিভাগে সেরা তিনটি পুরস্কার পায় যথাক্রমে জত্রিতা, সানজিস ডিজাইন ও কালেকশন বুটিকস।
সালোয়ার–কামিজ ক বিভাগে প্রথম ও দ্বিতীয় হয় আমনা’স। তৃতীয় পুরস্কার পায় ফোঁড়। সালোয়ার–কামিজ খ বিভাগে প্রথম হয় তুলিস ক্রিয়েশান। দ্বিতীয় ও তৃতীয় হয় যথাক্রমে আব্রু বাই আফরিন ও হুমার বসন। ফতুয়া মেয়ে বিভাগে প্রথম হয় এ বি ক্রিয়েশান। দ্বিতীয় হয় জত্রিতা। তৃতীয় হয় আলিফ কচার।
পাঞ্জাবি বিভাগে প্রথম হয় মেকস ফ্যাশন। দ্বিতীয় ও তৃতীয় হয় যথাক্রমে বাংলার কথা ও ড্রেস আপ। ফিউশন (ছেলে ও মেয়ে) বিভাগে প্রথম হয় আমনা’স। দ্বিতীয় ও তৃতীয় হয় যথাক্রমে কারচুপি ও আর এস জোনাকি ফ্যাশন।
শিশুদের পোশাকে ফোঁড় প্রথম হয়। দ্বিতীয় ও তৃতীয় হয় যথাক্রমে কাসফা বুটিকস ও ইলু ফ্যাশন। যুগল পোশাকে প্রথম হয় বাংলার কথা। দ্বিতীয় আব্রু বাই আফরিন ও তৃতীয় হয় কাসফা বুটিকস।
শার্ট ও টি-শার্ট (ছেলে–মেয়ে) বিভাগে প্রথম হয় ফোঁড়। দ্বিতীয় ও তৃতীয় হয় যথাক্রমে জত্রিতা ও ট্রেন্ডজ রাইডার। ফতুয়া (ছেলে) বিভাগে সেরা তিনটি পুরস্কার পায় যথাক্রমে নাভান কালেকশন, জত্রিতা ও ফ্যাশন ম্যাক্স।
সেরাদের সেরা হয়েছে জত্রিতা। এ ছাড়া ডায়মন্ড ওয়ার্ল্ডের পক্ষ থেকে তিন বুটিক হাউসকে পুরস্কৃত করা হয়। এতে প্রথম হয় জত্রিতা। দ্বিতীয় হয় কাসফা বুটিক ও তৃতীয় হয় আমনা’স।