
সবুজের মধ্যে উৎসবের আমেজ। সেই সঙ্গে ইতিহাস-ঐতিহ্য। কিংবা শীতে শিশিরভেজা সবুজ মাঠে কিষান-কিষানির পথচলা। চট্টগ্রামের এমন অপরূপ সৌন্দর্য উঠে এসেছে আলোকচিত্রী দিদারুল আলম চৌধুরীর ক্যামেরায়। গত বৃহস্পতিবার নগরের আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে শেষ হয়েছে তাঁর একক আলোকচিত্র প্রদর্শনী। ‘চিটাগাং-থ্রো দ্য লেন্স অব এ চিটাগনিয়ান’ শিরোনামের এই প্রদর্শনীর আয়োজন করে আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রাম কার্যালয়।
প্রদর্শনীতে মূলত চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ও জীবনযাত্রা তুলে ধরেছেন আলোকচিত্রী। ‘সাগর ও মানুষ’, ‘প্রতিচ্ছবি’, ‘বিজলী’, ‘কর্ণফুলী সেতু’, ‘নীড়ের খোঁজে’, ‘প্রয়োজনীয়তা’, ‘সাম্পান’, ‘আসকার দীঘি’ ও ‘অপেক্ষা’ শিরোনামের ছবিগুলো দর্শকদের দৃষ্টি কাড়ে। মোট ২২টি ছবি স্থান পায় প্রদর্শনীতে।
প্রদর্শনী প্রসঙ্গে আলোকচিত্রী দিদারুল আলম চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম প্রকৃতির স্বর্গরাজ্য। প্রকৃতি তার অপার মহিমায় সারি সারি পাহাড় ও নদীর মাধ্যমে বর্ণিল করে তুলেছে এ শহরকে। এর কিছু অংশ আমি প্রদর্শনীতে তুলে ধরেছি।’
প্রদর্শনী দেখতে এসেছিলেন ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্বর্ণময়ী সরকার। প্রদর্শনী কেমন লেগেছে জানতে চাইলে তিনি বলেন, ‘সমৃিদ্ধশালী চট্টগ্রামকে উপভোগ করলাম। এখানকার এমন রূপ-বৈচিত্র্য এভাবে চোখে পড়েনি। নতুন রূপে চট্টগ্রামকে দেখতে পেয়ে খুব ভালো লাগছে।’ ছয় দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন হয় ৮ নভেম্বর সন্ধ্যা ছয়টায়। উদ্বোধন করেন চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ। বিশেষ অতিথি ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার, আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের পরিচালক রাফায়েল ইয়েগার ও প্রথম পরিচালক গুরুপদ চক্রবর্তী।
উল্লেখ্য, এটি দিদারুল আলম চৌধুরীর দ্বিতীয় একক প্রদর্শনী।