পঞ্চগড়ের তেঁতুলিয়া
আলোর পথ দেখাচ্ছে শিশুস্বর্গ ফাউন্ডেশন
এখানে পড়াশোনা করা শিক্ষার্থীদের অনেকেই চাকরি পেয়েছেন দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে। আত্মকর্মসংস্থান সৃষ্টিতেও সহায়তা করছে এ ফাউন্ডেশন।
চারদিকে সবুজ গাছপালা। ঘরের দেয়াল ও সীমানাপ্রাচীরজুড়ে নানা রঙের আলপনা আঁকা। সঙ্গে বাঁশের কারুকাজ। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাগুরামোড় এলাকায় রওশনআরা মেমোরিয়াল শিশুস্বর্গ বিদ্যানিকেতনের দৃশ্য এটি। এমন মনোমুগ্ধকর পরিবেশে শিশুদের পাঠদান যেন সত্যিই শিশুস্বর্গ নামটিকে ফুটিয়ে তুলেছে।
স্বেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গ ফাউন্ডেশন পরিচালিত ওই বিদ্যালয়ের নাম রওশনআরা মেমোরিয়াল শিশুস্বর্গ বিদ্যানিকেতন। ভারতীয় সীমান্তঘেঁষা পঞ্চগড়ের তেঁতুলিয়ার সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ২০১৭ সালে মাগুরামোড় এলাকায় প্রতিষ্ঠিত হয় এ বিদ্যালয়। এখানে এখন দুই শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছে। এর মধ্যে অধিকাংশ শিক্ষার্থীই পড়লেখা করছে বিনা বেতনে। ঝরে পড়া রোধে ৩৫ শিক্ষার্থীকে প্রতি মাসে দেওয়া হচ্ছে শিক্ষাবৃত্তি। এই শিক্ষাপ্রতিষ্ঠানে প্লে থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করার সুযোগ পাচ্ছে তারা।
দরিদ্র নারী-পুরুষের কর্মসংস্থান তৈরিতেও অবদান রাখছে শিশুস্বর্গ ফাউন্ডেশন। নারীদের জন্য সমিতি গঠন করে গবাদি পশু পালনে দেওয়া হয়েছে গাভি ও ছাগল। এ ছাড়া সেলাই প্রশিক্ষণ, নকশি কাঁথা তৈরি ও সেলাই মেশিন বিতরণে কর্মসংস্থান হয়েছে অনেক নারীর।
প্রায় এক যুগ ধরে শিশুস্বর্গ ফাউন্ডেশনের সহায়তায় পড়াশোনা করা শিক্ষার্থীদের অনেকেই চাকরি পেয়েছেন দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে। এখান থেকে সুবিধা পাওয়া ৪০ শিক্ষার্থী বর্তমানে মাধ্যমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয়ে পর্যন্ত পড়াশোনা করছেন।
তেঁতুলিয়ার দর্জিপাড়া এলাকার মুন্নি আক্তার বলেন, ‘শিশুস্বর্গ স্কুলে পড়ালেখা করে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছি। পরে শিশুস্বর্গ ফাউন্ডেশন থেকে আমাকে রংপুর প্রাইম ম্যাটস মেডিকেল কলেজে ভর্তি করে দেওয়া হয়। সেখান থেকে আমি বিনা বেতনে পড়াশোনা করে ডিপ্লোমা শেষ করেছি। এখন আমি তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ করছি।’
যেভাবে শুরু পথচলা
মাগুরামোড় এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবির আহমেদ আকন্দের বাড়ি নেত্রকোনার বারহাট্টা এলাকায়। পড়াশুনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও পরিবেশবিজ্ঞানে। স্নাতকোত্তর শেষ করে ২০০৮ সালে তেঁতুলিয়ায় একটি বেসরকারি চা–বাগানের প্রধান হিসেবে যোগ দেন তিনি। ওই সময় সুবিধাবঞ্চিত শিশুদের দৈনন্দিন জীবনযাপন দেখে তাঁর মনে নাড়া দেয়।
প্রথমে নিজের বেতনের ১০ শতাংশ টাকা অবহেলিত শিশুদের পেছনে খরচ করার উদ্যোগ নেন কবির আহমেদ। কয়েকজন শিশুকে কিনে দেন খাতা-কলম, স্কুলড্রেস ও শীতের পোশাক। এরপর প্রাথমিক বিদ্যালয়ে যাওয়া ১০ শিশুকে প্রতি মাসে ২০০ টাকা করে দিতে শুরু করেন।
২০০৯ সালে ৩৫০টি বই নিয়ে নিজের কর্মস্থলের পাশে একটি ঘরে শিশুস্বর্গ পাঠাগার গড়ে তোলেন কবির। সেখানে সপ্তাহে দুই দিন শিশুদের নিজেই ইংরেজি শব্দ শেখাতে শুরু করেন। প্রথম দিকে তেঁতুলিয়া সদর ইউনিয়নের দর্জিপাড়া, কানকাটা, শারিয়ালজোত ও প্রেমচরণজোত এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ শুরু করেন। ধীরে ধীরে বাড়তে থাকে কাজের পরিধি। এরপর এগিয়ে আসতে শুরু করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। একপর্যায়ে ২০১৬ সালে গঠন করা হয় শিশুস্বর্গ ফাউন্ডেশন।
নিজের স্বপ্নের বিষয়ে জানতে চাইলে কবির আহমেদ আকন্দ বলেন, ভবিষ্যতে শিশুদের স্বাস্থ্য ও শিক্ষা নিয়ে কাজ করার পাশাপাশি তেঁতুলিয়ায় এক কোটি বৃক্ষ রোপণের পরিকল্পনা রয়েছে।