আশপাশের দেশেও পণ্যের দাম বেড়েছে: ঠাকুরগাঁওয়ে বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘বাজারদর আমরা সামাল দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। বাম দলগুলো কী উদ্দেশ্যে কর্মসূচি নিয়েছে, সেটা আমি জানি না। তবে তাদের বোঝা উচিত, আমাদের চেষ্টায় কোনো ত্রুটি নেই। আর তাদের আন্তর্জাতিক বাজারের অবস্থাটা ভেবে দেখা উচিত। আশপাশের দেশেও পণ্যের দাম বেড়েছে। রাজনীতি যদি শুধু রাজনীতির জন্য হয়, তবে আমার কিছু বলার নেই। আমার মনে হয়, বাম দলগুলো রাজনীতির জন্য রাজনীতি করছে। দেশের কথা চিন্তা করছে না।’
আজ সোমবার দুপুরে ঠাকুরগাঁও জেলা সার্কিট হাউসে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিতরণের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
ফ্যামিলি কার্ড বিতরণের নামে টাকা নেওয়ার অভিযোগ সম্পর্কে টিপু মুনশি বলেন, কার্ডের বিপরীতে টাকা নেওয়া হচ্ছে—এমন অভিযোগের ব্যাপারে তিনি জানেন না। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য বৃদ্ধির ব্যাপারে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে পণ্যের যথেষ্ট মজুত আছে। আন্তর্জাতিক বাজারে যেসব পণ্যের দাম বেড়েছে, এখানে তার প্রভাব আছে। তারপরও ভ্যাট তুলে দেওয়ায় তেলের দাম এখন নিম্নমুখী। অনেক ক্রেতার প্রবণতা আছে রমজান শুরুর আগেই তাঁরা বেশি করে পণ্য কিনে রাখেন। এতে বাজারে প্রভাব পড়ে। ক্রেতারা যদি এটা না করেন, তাহলে বাজারে দাম বাড়ার কোনো কারণ নেই।
ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মুহা. সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে বেলা সাড়ে তিনটার দিকে জেলা পরিষদ মিলনায়তনে ফ্যামিলি কার্ডের আওতায় টিসিবির পণ্য কিনতে আসা কয়েকজনের হাতে পণ্য তুলে দেন বাণিজ্যমন্ত্রী।