আশাশুনি ও শ্যামনগরের ৬০ গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী

সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগরের ৬০ গ্রাম পানিতে তলিয়ে গেছে। লক্ষাধিক মানুষ পানিবন্দী। নিম্নচাপের প্রভাবে প্রবল বৃষ্টি ও নদীতে জোয়ারের পানি বেড়ে যাওয়ায় এমনটা হয়েছে।

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়ন জোয়ারের পানিতে তলিয়ে গেছে।প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিম্নচাপের প্রভাবে প্রবল বৃষ্টি ও নদীতে জোয়ারের পানি বেড়ে যাওয়ায় সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগরের ৬০ গ্রাম পানিতে তলিয়ে লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ঘূর্ণিঝড় আম্পানের পর থেকে অধিকাংশ গ্রামে পানি থাকলেও গত তিন দিনের বৃষ্টি ও জোয়ারের পানিতে মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। বিশেষ করে আশাশুনির প্রতাপনগর ও শ্রীউলা ইউনিয়নের ৫০টি গ্রাম ভাসছে পানিতে। থাকার জায়গা নেই, খাবার নেই। রাস্তাঘাট, চিংড়ি ঘের ও ফসলি জমি সব পানিতে একাকার হয়ে গেছে।

আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের লঞ্চঘাট এলাকার কামরুল সানা বলেন, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ভেঙে যাওয়া বাঁধ দিয়ে এলাকায় পানি ঢুকছে। আম্পানের পর রিং বাঁধ দেওয়ায় কয়েকটি গ্রামে পানি কিছুটা কমে গিয়েছিল। নতুন করে খোলপেটুয়া নদীর পানি বেড়ে যাওয়ায় মানুষ ছুটছে নতুন আশ্রয়ের খোঁজে। রাস্তা, ফসলি জমি কিংবা চিংড়ি ঘের আলাদা করে চিহ্নিত করার উপায় নেই। চারদিকে শুধু পানি আর পানি।

কোথায় যাব, কী খাব, এই দুরবস্থার কি শেষ হবে না?—এমন প্রশ্ন রেখে একই এলাকার নজরুল ইসলাম গাজী বলেন, ২০ মে আম্পানের পর বাড়ি-ঘর সব ধসে গেছে। উঁচু জায়গায় তাঁবু টানিয়ে ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে কোনো রকমে ছিলেন। সেটাও পানিতে তলিয়ে গেছে। পুরো ইউনিয়ন পানির নিচে।

প্রতাপনগর ইউনিয়নের আসমা বিবি, রহিমা খাতুন, আব্দুল খালেক সানাসহ অধিকাংশ মানুষের একই কথা। তাঁরা বলছেন, আগে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢোকা বন্ধ করতে হবে। তা না হলে জনপদ হারিয়ে যাবে। হারিয়ে যাবে তাদের ঠিকানা। প্রতাপনগর ইউনিয়নের ১৮টি গ্রামের সব একাকার পানিতে। আলাদা করার কোনো উপায় নেই। ৩৬ হাজার বাসিন্দার সবাই কম-বেশি খোলপেটুয়া নদীর লবণ পানির হানায় ক্ষতিগ্রস্ত।

একই অবস্থা শ্রীউলা ইউনিয়নের ২২টি গ্রামের। শ্রীউলা গ্রামের আংশিক ছাড়া সব গ্রামেই পানি থই থই করছিল ২০ মে ঘূর্ণিঝড় আম্পান আঘাত হানার পর থেকে। গ্রামের মানুষ কেউ মাচান করে, আবার কেউ পাউবোর উঁচু বাঁধের ওপর বসবাস করছিলেন। বৃহস্পতিবার খোলপেটুয়া নদীতে জোয়ারের পানি বাড়ায় শ্রীউলা গ্রামও পানিতে তলিয়ে গেছে। সবখানে এখন কমপক্ষে দুই থেকে তিন ফুট পানি।

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়ন জোয়ারের পানিতে তলিয়ে গেছে।
প্রথম আলো

প্রতাপনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাকির হোসেন বলেন, ‘দুরবস্থার কথা কাকে বলব? আম্পানের আগে বাঁধ সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেছিলাম। কোনো কাজ হয়নি। মানুষের দুরবস্থা দেখলে কান্না আসে। অথচ কিছু করতে পারছি না।’

শ্রীউলা ইউপির চেয়ারম্যান আবু হেনা শাকিল বলেন, এমন দীর্ঘ সমস্যায় তাঁর ইউনিয়নের মানুষ কখনো পড়েনি। মানুষ গ্রাম ছেড়ে বাঁচার জন্য অন্যত্র চলে যাচ্ছে। পানিবাহী রোগে ভুগছে। কবে বাঁধ মেরামত হবে তার কোনো নিশ্চয়তা নেই। জোয়ারের পানি বেড়েছে ৫ থেকে ৬ ফুট।

শ্যামনগরের গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, কপোতাক্ষ নদের নেবুনিয়ে রিং বাঁধের ছয়টি স্থান বৃহস্পতিবার ভেঙে যায়। শুক্রবার দুপুর ১২টার মধ্যে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তা মেরামত করা হয়। আবার দুইটার দিকে সাতটি স্থান ভেঙে যায়। এতে চারটি গ্রামের দেড় হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ভেসে গেছে চার শতাধিক চিংড়ি ঘের।

এত পানি বাড়তে দেখেননি উল্লেখ করে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের আশাশুনির শাখার কর্মকর্তা সাব্বির হাসান বলেন, শ্রীউলার ভেঙে যাওয়া বাঁধ সেনাবাহিনীর পক্ষ থেকে সংস্কার শুরু হয়েছিল। কিন্তু বিরূপ আবহাওয়ার কারণে আপাতত কাজ বন্ধ আছে। আগামী নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরে কাজ শুরু হবে।

প্রতাপনগরে আম্পানে আট স্থানের বাঁধ ভেঙে গিয়েছিল। এর কয়েকটি স্থানে রিং বাঁধ দেওয়া হয়েছিল। আবার রুইমের বিল, চাকলা ও কুড়িকাউনিয়াতে বাঁধ ভেঙে গেছে। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ঢাকায় বরাদ্দ চেয়ে চিঠি দেওয়া হয়েছে।