আশাশুনিতে ঐতিহ্যবাহী লাঠিখেলায় অংশ নিল দুটি দল
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাতক্ষীরার আশাশুনিতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ৯টায় উপজেলার আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ খেলার আয়োজন করা হয়।
উপজেলার আনুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সানার সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন মোড়ল, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হরেন্দ্র দেবনাথ, আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, ব্যবসায়ী আবদুল হাকিম, শফিকুল ইসলাম, গৌরপদ হালদার, শাহাবুদ্দিন গাজী, দবির উদ্দিন শিকারি প্রমুখ।
বক্তারা বলেন, গ্রামবাংলার ঐতিহ্য লাঠিখেলা হারিয়ে যেতে বসেছে। আগে আমন ধান কাটার সঙ্গে সঙ্গে গ্রামের মাঠগুলো খেলাধুলায় ভরে উঠত। লাঠিখেলা, গাদন, ডাংগুলি, ফুটবলসহ নানা খেলায় মেতে উঠত গ্রামের লোকজন। তরুণসমাজ বিভিন্ন ধরনের খেলাধুলার সঙ্গে নিজেদের সম্পৃক্ত রাখত। পাশাপাশি গ্রামে গ্রামে যাত্রা, জারিগানসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হতো। এ জন্য মাদকের ছড়াছড়ি ছিল না কিংবা তরুণেরা মাদকে আসক্ত হওয়ার সুযোগ পেতেন না। তরুণসমাজের মধ্যে নতুন করে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা ছড়িয়ে দিতে হবে, অন্যথায় তাঁরা বিপথগামী হয়ে পড়তে পারেন বলে মন্তব্য করেন বক্তারা।
লাঠিখেলায় উপজেলার দুটি দল অংশগ্রহণ করে। গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা দেখতে বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার নারী-পুরুষ সেখানে জড়ো হয়। এর আগে একই জায়গায় ষাটোর্ধ্ব ব্যক্তিদের নিয়ে দড়ি টানা, তেল মাখানো কলাগাছ বেয়ে ওপরে ওঠা ও স্কুলের ছাত্রছাত্রীদের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা হয়।