আশাশুনিতে মাছের ঘের থেকে যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

সাতক্ষীরা আশাশুনিতে মাছের ঘের থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার শ্রীউলা গ্রামের একটি মাছের ঘের থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম গোলাম রসুল ওরফে ডাবলু (২৭)। তিনি আশাশুনি উপজেলার শ্রীউলা গ্রামের বাসিন্দা। নিহত যুবকের চোখ, মুখসহ দেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও রশি দিয়ে প্যাঁচানোর দাগ রয়েছে।

নিহত যুবকের মা নাসিমা খাতুন জানান, গতকাল বুধবার সন্ধ্যায় গোলাম রসুল শ্রীউলা গ্রামের হাফিজিয়া মাদ্রাসার মাঠে ওয়াজ মাহফিলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। এরপর তিনি রাতে আর বাড়িতে ফেরেননি। এরপর আজ সকালে লোকমুখে জানতে পারেন, তাঁর ছেলের লাশ মাছের ঘেরে পড়ে আছে।

আশাশুনি থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ অধিকারী জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্যাতনের পর ওই যুবকের গলায় রশি দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নিহত যুবকের নামে থানায় পাঁচটি সহিংসতার মামলা রয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে।