আশুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহব্যবস্থা চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার ৫০ শয্যাবিশিষ্ট আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহব্যবস্থার উদ্বোধন করেন অতিথিরা। আজ বৃহস্পতিবার দুপুরে।
ছবি: প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়ার ৫০ শয্যাবিশিষ্ট আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত রোগীদের সুরক্ষায় কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সরবরাহব্যবস্থা চালু করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে এই ব্যবস্থার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হানিফ মুন্সি। এর মাধ্যমে হাসপাতালের ২০ শয্যায় কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সরবরাহ করা সম্ভব হবে।

এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলনকক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী (ইউএনও) কর্মকর্তা অরবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূপুর সাহা। এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন জাইকার স্থানীয় কর্মকর্তা জামাল হোসেন, বিশিষ্ট চক্ষু চিকিৎসক আবদুল্লাহ আল মাহমুদ, আশুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল-মামুন, অধ্যাপক শরীফুল ইসলাম প্রমুখ।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এবং জাইকার অর্থায়নে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহব্যবস্থার লাইন স্থাপন করা হয়। কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সরবরাহ করতে স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী রাসেল আহম্মেদ তিনটি, চিকিৎসক আবদুল্লাহ আল মাহমুদ একটি, প্রবাসী মো. পারভেজ একটি ও প্রবাসী মো. চপল একটি অক্সিজেন সিলিন্ডার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে প্রদান করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূপুর সাহা প্রথম আলোকে বলেন, জাইকার অর্থায়নে স্বাস্থ্য কমপ্লেক্সে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ লাইন স্থাপন করা হয়েছিল। উপজেলার কয়েকজন ছয়টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন। প্রতিটি সিলিন্ডারে প্রায় সাড়ে চার হাজার লিটার অক্সিজেন রয়েছে। এর মাধ্যমে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ শয্যার করোনা আইসোলেশন ওয়ার্ডসহ মোট ২০ শয্যায় কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সরবরাহ করা সম্ভব হবে।