আশুগঞ্জে কৃষিজমিতে বিআইডব্লিউটিএর ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীর তীরে কৃষিজমি ইজারা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চার গ্রামের মানুষ ইজারা বাতিলের দাবিতে এই মানববন্ধন করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা মো. ফারুক মিয়া, মো. মিদন মিয়া, সাদেক মিয়া, জামাল সরদার, মো. বাহাউদ্দীন মিয়া, মোয়াজ্জেম হোসেন, আবদুল্লাহ মিয়া, মাসুদ মিয়া, সালাহ উদ্দিন প্রমুখ।
মানববন্ধন চলাকালে এলাকাবাসী জানান, আশুগঞ্জ নদীবন্দরের অধীনে পাওয়ার স্টেশন এলাকা থেকে কালাসুতা খাল পর্যন্ত চার কিলোমিটার পর্যন্ত মেঘনা নদীর তীরের কৃষিজমি গত ৩০ আগস্ট থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত ১০ মাসের জন্য ২ লাখ ৫২ হাজার টাকায় স্থানীয় মো. মহিউদ্দিন মোল্লাকে ইজারা দিয়েছে বিআইডব্লিউটিএ। ইজারা দেওয়ার স্থানের মধ্যে রয়েছে আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চারটি গ্রাম সোহাগপুর, বাহাদুরপুর, দুর্গাপুর ও তাজপুর। ইজারা দেওয়া জায়গার অধিকাংশই কৃষিজমি। নদীর তীরের জায়গায় নেই কোনো পন্টুন ও সড়ক।
ইজারা দেওয়ার পর থেকে মহিউদ্দিন মোল্লা ও তাঁর লোকজন ইজারার জায়গায় কৃষিপণ্য, সার ও মালবাহী কোনো নৌকা ভিড়লেই ইচ্ছেমতো ইজারা আদায় করছেন। এতে প্রতিদিনই স্থানীয় ব্যক্তিদের সঙ্গে ইজারাদারের কথা-কাটাকাটি হচ্ছে। এতে স্থানীয় ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পাশাপাশি ইজারার টাকা উত্তোলন নিয়ে ইজারাদার ও এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আশুগঞ্জ নদীবন্দরের অধীনে পাওয়ার স্টেশন এলাকা থেকে কালাসুতা খাল পর্যন্ত চার কিলোমিটার পর্যন্ত ইজারা দেওয়া এলাকায় বিভিন্ন ধরনের মালবাহী নৌকা ভেড়ে।
দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাদেক মিয়া বলেন, ‘ভৈরব-আশুগঞ্জ নদীবন্দরের বন্দর কর্মকর্তা ও বিআইডব্লিউটিএর উপপরিচালক মো. শহীদ উল্যাহ এই ইজারা দিয়েছেন। এতে আমাদের চার গ্রামের হাজারো কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই কৃষকদের বাঁচাতে অবিলম্বে এই ইজারা বাতিলের দাবি জানাচ্ছি।’
গ্রামের ফারুক মিয়া বলেন, স্থানীয় ব্যক্তিদের বাধা সত্ত্বেও অনৈতিক লেনদেনের মাধ্যমে জায়গাটি ইজারা দেওয়া হয়েছে। ইজারা নেওয়ার পর থেকে স্থানীয় এলাকাবাসীর কাছ থেকে চাপ প্রয়োগ করে টাকা নেওয়া হচ্ছে। এতে ইজারাদারের সঙ্গে এলাকাবাসীর যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। আর এ ঘটনার জন্য দায়ী থাকবে বিআইডব্লিউটিএ।
ইজারাদার মহিউদ্দিন মোল্লার বড় ভাই ইমরান মোল্লা বলেন, ‘নিয়ম মেনে সর্বোচ্চ দরদাতা হিসেবে আমরা ইজারা পেয়েছি। বিআইডব্লিউটিএর নির্দেশনা অনুযায়ী আমার ইজারার টাকা উত্তোলন করছি।’
বিআইডব্লিউটিএর উপপরিচালক মো. শহীদ উল্যাহ প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রতিবছর নিয়ম মেনে জায়গাটি ইজারা দিয়ে থাকি। এ বছরও দিয়েছি। এর আগে গত বছর দরপত্র আহ্বান করলে স্থানীয় আরেকজন ২ লাখ ১০ হাজার টাকায় ইজারা নিতে চান। একাধিকবার দরপত্র আহ্বান করা হয়েছে। চলতি বছর স্থানীয় মহিউদ্দিন মোল্লাকে দরপত্রের মাধ্যমে ২ লাখ ৫২ হাজার টাকায় জায়গাটি ইজারা দেওয়া হয়েছে। স্থানীয় দুই পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। এ জন্য একটি পক্ষ এমন অভিযোগ তুলছে। এখানে আর্থিক লেনদেনের কোনো ঘটনা ঘটেনি। তবে ইজারাদার শর্ত না মানলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরবিন্দ বিশ্বাস বলেন, ‘ইতিমধ্যে বিষয়টি আমাদের নজরে এসেছে। স্থানীয় ব্যক্তিদের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’