আশুলিয়ায় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে আটক ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

ঢাকার আশুলিয়ায় এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে তাঁদের আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়।

আটক পাঁচজন হলেন আশুলিয়ার রোস্তমপুর এলাকার সাইফুল ইসলাম (১৮), অন্তর (১৯), জ্যোতির্ময় সাহা (২০), পাপ্পু সাহা (১৯) ও মিলন সাহা (২১)।

আশুলিয়া থানার পুলিশ জানায়, ধর্ষণের শিকার ওই গৃহবধূর সঙ্গে সাইফুল ও অন্তরের আগে থেকে পরিচয় ছিল। তিনি স্বামীর সঙ্গে রাজধানীর মিরপুরে থাকেন। ঘরভাড়ার টাকা দিতে না পারায় ওই গৃহবধূ সাইফুলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে ১০০০ টাকা ধার চান। টাকা দেওয়ার আশ্বাস দিয়ে সাইফুল তাঁকে গত ২৩ সেপ্টেম্বর রোস্তমপুর আসতে বলেন। রোস্তমপুর আসার পর সাইফুলসহ সাতজন তাঁকে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে তাঁর মুঠোফোন রেখে ছেড়ে দেন।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম বলেন, ওই গৃহবধূ গত বৃহস্পতিবার রাতে পুলিশকে বিষয়টি জানান। এরপর ওই রাতেই আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাইফুলসহ পাঁচজনকে আটক করা হয়। ওই গৃহবধূর ধর্ষণের ঘটনায় জড়িত উজ্জ্বল ও রতন নামে আরও দুই তরুণ পলাতক রয়েছেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। ওই গৃহবধূ পুলিশ হেফাজতে রয়েছেন।