আশুলিয়ায় দুর্ঘটনায় এসআই নিহতের ঘটনায় এক চালক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতকড়া
প্রতীকী ছবি

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার নরসিংহপুরে কাভার্ড ভ্যানের চাপায় শিল্প পুলিশের উপপরিদর্শক (এসআই) মোনায়েম হোসেন নিহত হওয়ার ঘটনায় কাভার্ড ভ্যানের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে গাজীপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম বলেন, ৭ মার্চ ভোরে এসআই মোনায়েম হোসেনকে চাপা দিয়ে চালক কাভার্ড ভ্যান নিয়ে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই মোনায়েম মারা যান। ঘটনার পর মোনায়েমের পরিবারের পক্ষ থেকে আশুলিয়া থানায় মামলা করা হয়। সড়কের সিসি ক্যামেরার ফুটেজ দেখে গতকাল রাত নয়টার দিকে গাজীপুরের রাজেন্দ্রপুরের একটি কারখানা থেকে কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। এরপর গ্রেপ্তার করা হয় কাভার্ড ভ্যানের চালক বাশার মিয়াকে।