আশুলিয়ায় যুবক ও সাভারে শিশুর লাশ উদ্ধার
ঢাকার আশুলিয়ার উত্তর রোয়াইল গ্রামের পাশে শুকনার বিল থেকে গতকাল বুধবার দুপুরে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তাঁর কোমড়ে তিনটি গুলিভর্তি একটি পিস্তল পাওয়া যায়। একই দিন সকালে সাভারে রাহাত নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম বলেন, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৩ বছর। গুলিভর্তি পিস্তলটি কোমরের বেল্টের সঙ্গে বাঁধা ছিল। নিহত ব্যক্তি কোনো সন্ত্রাসী চক্রের সদস্য বলে ধারণা করা হচ্ছে। তবে তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
এদিকে সাভারের মিটনকিষ্টপুর গ্রামের ফয়েজ আহাম্মেদের ছেলে রাহাত গত সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন।
ফয়েজের বড় ছেলে মোতাহের হোসেন বলেন, গতকাল ভোরে বাড়ির পাশে একটি পুকুরে তাঁর লাশ ভাসতে দেখে এলাকার লোকজন তাঁদের জানান। খবর পেয়ে পুকুর থেকে লাশ উদ্ধারের পর তাঁরা সাভার থানায় খবর দেন।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) দীপক চন্দ্র সাহা বলেন, রাহাত পুকুরের পানিতে নেমে ডুবে মারা গেছে বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে। তাঁকে কেউ হত্যা করে ফেলে গেছে বলে মনে হচ্ছে না। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।