আশুলিয়ায় পরিবহনে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় যানবাহনে গণডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাতে জিরানী-আমতলা-ধামরাই সড়কের রাঙ্গামাটি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, সোমবার দিবাগত রাত একটার দিকে অন্তত ১৫ জনের একটি ডাকাত দল রাঙ্গামাটি এলাকার একটি ইটভাটার সামনে জিরানী-আমতলা-ধামরাই সড়কে অবস্থান নেয়। এরপর তারা একাধিক পণ্যবাহী ট্রাক, পিকআপ, ছোট গাড়ি, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন থামিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার ও মুঠোফোন ছিনিয়ে নেয়। এভাবে রাত তিনটা পর্যন্ত বিভিন্ন পরিবহনে ডাকাতি করে তারা।

ধামরাই পৌর এলাকার উত্তম গাঙ্গুলী বলেন, আশুলিয়া কালিকাপুর গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান থেকে তাঁরা কয়েকজন নারী-পুরুষ একটি মাইক্রোবাস ও দুটি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। রাত দুইটার দিকে রাঙ্গামাটি এলাকায় ইটভাটার সামনে পৌঁছে তাঁরা ডাকাতের কবলে পড়েন। ডাকাতেরা তাঁদের কাছ থেকে নগদ প্রায় এক লাখ টাকা, সাত ভরি ওজনের স্বর্ণালংকার ও মুঠোফোন ছিনিয়ে নেয়। একই সময় আরও কয়েকটি যানবাহন থেকে টাকা ও মালামাল ছিনিয়ে নেয় ডাকাতেরা।

উত্তম গাঙ্গুলী আরও বলেন, তাঁদের ধারণা, ডাকাতির সঙ্গে ইটভাটার লোকজন জড়িত। ওই ভাটা থেকে আজ মঙ্গলবার দুটি দা ও একটি শাবল উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন তাঁরা, যা ডাকাতির সময় ব্যবহার করেছিল ডাকাতেরা।

জানতে চাইলে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সামিউল ইসলাম বলেন, আশুলিয়ার বিভিন্ন এলাকায় রাতে মাঝেমধ্যে ডাকাতির ঘটনা ঘটছে। এক সপ্তাহ আগেও রাঙ্গামাটি এলাকায় ডাকাতির ঘটনা ঘটে।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। তথ্য ও প্রমাণের ভিত্তিতে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে।