আশুলিয়ায় ‘মানসিক ভারসাম্যহীন’ ছেলের বঁটির কোপে বাবা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হত্যা
প্রতীকী ছবি

সাভারের আশুলিয়ায় ছেলের ধারালো বঁটির কোপে নুর মোহাম্মদ (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার গভীর রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের টেঙ্গুরী কোনাপাড়া ফকিরবাড়ি এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ছেলে আফাজ উদ্দিনকে (৪০) খুঁজে পাওয়া যাচ্ছে না। আফাজ উদ্দিন মানসিক ভারসাম্যহীন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের বরাত দিয়ে আশুলিয়া থানা-পুলিশ সূত্রে জানা যায়, আফাজ উদ্দিন মানসিক ভারসাম্যহীন হওয়ায় ২০০৬ সাল থেকে তাঁর চিকিৎসা চলছে। অসুস্থ থাকায় রাতে বাবা নুর মোহাম্মদ তাঁর পাশেই ঘুমাতেন। গতকাল রাতেও তিনি ছেলের সঙ্গেই ঘুমাচ্ছিলেন। গভীর রাতে আফাজ ধারালো বঁটি দিয়ে নুর মোহাম্মদের গলার পেছনে আঘাত করে ঘর থেকে বের হয়ে যান।

অসুস্থ থাকায় রাতে বাবা নুর মোহাম্মদ ছেলে আফাজ উদ্দিনের পাশেই ঘুমাতেন। গতকাল রাতেও তিনি ছেলের সঙ্গেই ঘুমাচ্ছিলেন।

গোঙানির শব্দ শুনে পরিবারের অন্য সদস্যরা আফাজের ঘরে গেলে নুর মোহাম্মদের রক্তাক্ত দেহ দেখতে পান। পরে পরিবারের সদস্যরা মারাত্মক আহত অবস্থায় নুর মোহাম্মদকে সাভারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে আশুলিয়া থানা-পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম প্রথম আলোকে বলেন, যাঁর বিরুদ্ধে হত্যার অভিযোগ, তিনি মানসিকভাবে ভারসাম্যহীন বলে নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের পক্ষ থেকে জানানো হয়েছে। তাঁকে আটকের চেষ্টা চলছে। মামলার বিষয়ে নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।