আশুলিয়ায় সোয়েটার কারখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অগ্নিকাণ্ডে পুড়ে গেছে সাভারের আশুলিয়ায় রান ফ্যাশন সোয়েটার কারখানার সোয়েটার, সুতা ও কিছু যন্ত্রপাতি
ছবি: প্রথম আলো

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি সোয়েটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার দুপুরে আশুলিয়ার ইউনিক এলাকার রান ফ্যাশন সোয়েটার কারখানায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেন, বেলা দুটার দিকে রান ফ্যাশন সোয়েটার কারখানায় অগ্নিকাণ্ডের খবর পান তাঁরা। বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরে আরও একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যুক্ত করা হয়। ৪০ থেকে ৪৫ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, কারখানায় ওয়েল্ডিং করার সময় অসচেতনায় আগুনের ফুলকি থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। কারখানা কর্তৃপক্ষ ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হওয়ার দাবি জানিয়েছে। তবে যাচাই–বাছাই করে প্রকৃত ক্ষতির পরিমাণ বলা সম্ভব হবে। এ ছাড়া আগুন নিয়ন্ত্রণের সময় পানি পড়ে পাশের অপর একটি সোয়েটার কারখানার কিছু জিনিসপত্রের ক্ষতি হয়েছে বলে জানান তিনি।