আশুলিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
সাভারের আশুলিয়ায় এক স্কুলছাত্রীকে (১৮) ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা–পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে আশুলিয়ার নিরিবিলি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওই যুবকের নাম রনি (২০)। তিনি আশুলিয়ার বাসিন্দা। এর আগে গতকাল রাত ১১টার দিকে ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত রনি ওই ছাত্রীর পরিবারের পূর্বপরিচিত। গত বছরের মাঝামাঝি সময় রনি ওই ছাত্রীর বাড়িতে ঢুকে গোপনে তাঁর পোশাক পরিবর্তনের ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে রনি তাঁকে একাধিকাবার ধর্ষণ করেন।
একপর্যায়ে ওই ছাত্রী এ বিষয়ে প্রতিবাদ করলে গত জানুয়ারি মাসে রনি সমঝোতার জন্য ১০ হাজার টাকা দাবি করেন। পরে ওই ছাত্রী বিষয়টি পরিবারকে জানায়। তাঁর পরিবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানালেও কোনো সুরাহা হয়নি। পরে গতকাল রাতে ওই ছাত্রীর মা বাদী হয়ে মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল ঘোষ প্রথম আলোকে বলেন, ওই স্কুলছাত্রীর মায়ের করা মামলায় রনিকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার তাঁকে আদালতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে। তবে কত দিনের রিমান্ড চাওয়া হবে, সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।