আশুলিয়ায় স্ত্রীকে কুপিয়ে আত্মহত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের আশুলিয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টার পর নিজের শরীরে গরম পানি ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছেন মোর্শেদ মিয়া নামের এক ব্যক্তি। এ ঘটনায় তাঁকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ৯টার দিকে আশুলিয়ার জিরানী এলাকায় এ ঘটনা ঘটে। মোর্শেদ মিয়া (৪০) ও  তাঁর স্ত্রী লাইলী বেগমের (৩০) বাড়ি নাটোরে। লাইলী বেগম আশুলিয়ায় একটি পোশাক কারখানায় কাজ করেন। মোর্শেদ ভাঙারির ব্যবসা করেন।

স্থানীয় ব্যক্তিদের বরাত দিয়ে আশুলিয়া থানার পুলিশ জানায়, সকালে পারিবারিক কলহের জেরে মোর্শেদ মিয়া ধান কাটার কাঁচি দিয়ে স্ত্রীর গলাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করেন।

পরে মোর্শেদ নিজের শরীরে গরম পানি ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। স্থানীয় ব্যক্তিরা ঘটনাস্থল থেকে মোর্শেদকে আটক করে আশুলিয়া থানার পুলিশের কাছে সোপর্দ করেন। আহত লাইলী বেগমকে পার্শ্ববর্তী শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া আটকের পর মোর্শেদকেও গণস্বাস্থ্য হাসপাতালে নেওয়া হয়।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) কায়ছার হামিদ বলেন, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী মনে হচ্ছে, পারিবারিক কলহ ও স্ত্রীর সম্পর্কের জেরে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর স্বামী নিজেও শরীরে গরম পানি ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’