আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় ওয়াসার কর্মী নিহত
ঢাকার সাভারের আশুলিয়ায় গাড়ির ধাক্কায় সড়কে ছিটকে পরে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। কর্মস্থল থেকে বাড়িতে ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।
নিহত আশিক খান (২৮) টাঙ্গাইলের বাথুলি গ্রামের আসলাম খানের একমাত্র সন্তান। তিনি ঢাকা ওয়াসার ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।
নিহত যুবকের পরিবারের সদস্যদের বরাত দিয়ে আশুলিয়া থানা-পুলিশ জানায়, গতকাল রাত ১২টার দিকে মোটরসাইকেল চালিয়ে ঢাকা থেকে টাঙ্গাইলে নিজ বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন আশিক খান। তিনি টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের নরশিংহপুর এলাকায় পৌঁছালে পাশ থেকে অজ্ঞাত একটি গাড়ি তাঁকে ধাক্কা দেয়। এ সময় তিনি সড়কে ছিটকে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে ঘটনাস্থলের পাশেই নারী ও শিশুস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে আশুলিয়া থানা-পুলিশ স্বাস্থ্যকেন্দ্রে যান এবং নিহত যুবকের পরিবারের সদস্যদের খবর দেন।
এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক মো. ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, নিহত যুবকের পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে যেতে এসেছেন। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।