আশুলিয়ায় হাত-পা বাঁধা লাশ পড়ে ছিল ডোবায়
ঢাকার আশুলিয়ায় ডোবা থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে বাড়ইপাড়া বাসস্ট্যান্ড এলাকায় ডোবার পানি থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে লাশের পরিচয় এখনো জানতে পারেনি পুলিশ।
আশুলিয়া থানা-পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ইপাড়া বাসস্ট্যান্ডসংলগ্ন নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে একটি ডোবায় অজ্ঞাতপরিচয়ের ওই ব্যক্তির হাত-পা বাঁধা লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
আনুমানিক ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির হাত-পা বাঁধা ও গলায় লুঙ্গি প্যাঁচানো ছিল।
খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। দুপুরে লাশের ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফরিদুল আলম প্রথম আলোকে বলেন, আনুমানিক ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির হাত-পা বাঁধা ও গলায় লুঙ্গি প্যাঁচানো ছিল। তাঁর পরিচয় এবং হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।