আশুলিয়ায় ১৮টি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি
ঢাকার সাভার উপজেলার আশুলিয়া থানার নয়ারহাট বাজারে ১৮টি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। গতকাল রোববার দিবাগতে রাতে এ ঘটনায় ডাকাতেরা প্রায় দেড় কোটি টাকার স্বর্ণ, রুপাসহ নগদ টাকা নিয়ে গেছে বলে দাবি স্বর্ণ ব্যবসায়ীদের।
নয়ারহাট বাজারের স্বর্ণ শিল্প সমিতির সভাপতি আশুতোষ ঘোষ প্রথম আলোকে বলেন, ‘বংশী নদীর পাড়ে অবস্থিত ঐতিহ্যবাহী এই বাজারে আমরা শান্তিপূর্ণভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলাম। গত ৫০ বছরেও এমন ঘটনা কখনো ঘটেনি। এ কারণে সিসিটিভি ক্যামেরা বা এ ধরনের ডিভাইস বাজারে সংযুক্ত করেনি বাজার কমিটি।’
এদিকে ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ছাড়া ঢাকা জেলার পুলিশ সুপার মো. মারুফ হোসেন সরদারও ঘটনাস্থল পরিদর্শন করেন।
আশুলিয়া থানার পুলিশ ও স্বর্ণ ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো গতকাল রাত আট থেকে নয়টার মধ্যে স্বর্ণালংকার তৈরির দোকানগুলো বন্ধ করে দেন ব্যবসায়ীরা। এরপর ওই দিন দিবাগত রাত একটায় বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া বংশী নদী দিয়ে দুটি ইঞ্জিনচালিত নৌকায় করে ৮০-১০০ জনের একটি ডাকাত দল বাজারে আসে। প্রথমে তারা বাজারের দায়িত্বে থাকা চারজন নিরাপত্তারক্ষীকে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর ছোট ছোট দলে ভাগ হয়ে বাজার ও আশপাশে থাকা রিকশাচালক, পথচারী, ব্যবসায়ীসহ ১৫-২০ জনকে জিম্মি করে বাজারের মুদিদোকান মাজিদ স্টোরে হাত–মুখ বেঁধে আটকে রাখে। পরে তারা এক এক করে বাজারের ১৮টি স্বর্ণের দোকান থেকে স্বর্ণ, রুপাসহ নগদ অর্থ নিয়ে যায়। এ ছাড়া তারা ওই মুদির দোকান থেকেও ৩৫-৪০ হাজার টাকা লুট করে। ব্যবসায়ীরা দাবি করেন, ডাকাতেরা নগদ অর্থসহ দেড় কোটি টাকার বেশি স্বর্ণ ও রুপা লুট করে নিয়ে গেছে।
বাজারের নিরাপত্তা ইনচার্জ মো. বাবুল প্রথম আলোকে বলেন, ‘রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত আমাদের ডিউটি ছিল। পুরো বাজারে আমি ছাড়া আরও চারজন নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করেন। রাত একটায় আমি বাজারের পেছনের দিকে মাছ বাজারের গলিতে পাইপের ওপর বসে ছিলাম। এ সময় বংশী নদীতে ইঞ্জিনচালিত দুটি নৌকা থেকে বেশ কয়েকজনকে নামতে দেখি। প্রতিদিনের মতো বিষয়টিকে আমি স্বাভাবিকভাবেই নিয়েছিলাম। এদের মধ্য থেকে ১০–১২ জন আমার সামনে এসে ধারালো অস্ত্র দেখিয়ে আমার হাত–মুখ ও চোখ বেঁধে ফেলে সেখানেই আটকে রাখে। পরে বাজারের লোকজন আমাকে উদ্ধার করেন।’ তিনি জানান, রাত একটা থেকে ভোররাত চারটা—এই সময়ের মধ্যে ডাকাতির ঘটনাটি ঘটে।
স্বর্ণালংকার তৈরির দোকান প্রমা গিনি হাউসের কারিগর সুশান্ত সরকার প্রথম আলোকে বলেন, ‘রাত দেড়টায় তালা ভাঙার শব্দ পেয়ে ভেতর থেকে জিজ্ঞেস করি কে? বাইরে থেকে একজন আমাদের শাটার খুলতে বলে। আমি না করি। এরই মধ্যে শাবল দিয়ে তালা ভেঙে ছয়জন দোকানে ঢুকে পড়ে। ধারালো দেশি অস্ত্রের মুখে আমাদের আটকে রেখে নগদ অর্থসহ স্বর্ণের ও রুপার গয়না নিয়ে নেয়।’
পার্থ জুয়েলার্সের মালিক বলরাম রাজ বংশী প্রথম আলোকে বলেন, ‘শাটার ভেঙে আমার দোকান থেকে ২৫ হাজার টাকা ও ২ থেকে আড়াই ভরি স্বর্ণ, ৫০ থেকে ৬০ ভরি রুপা নিয়ে গেছে। প্রায় চার থেকে পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে গেছে ডাকাতেরা।’
সৌরভ জুয়েলার্সের কারিগর আনন্দ পাল প্রথম আলোকে বলেন, ‘বাইরে ডাকাতি হচ্ছে বুঝতে পেরে ভয়ে দরজা খুলিনি। মুঠোফোনে কথা বলতেও ভয় পাচ্ছিলাম। তবু আমার সঙ্গে থাকা আমার ভাই ভজন পাল ফিসফিস করে মুঠোফোনে বিষয়টি মালিক খোকন সরকারকে জানান। এ ছাড়া জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) রাত ৩টা ৪৫ মিনিটে কল করে বিষয়টি জানানো হয়। এরপর ভোররাত চারটা পাঁচ মিনিটে পুলিশের পক্ষ থেকে ভাইকে কল দিয়ে বিষয়টি নিশ্চিত হন পুলিশ সদস্যরা। এরই মধ্যে ডাকাতেরা চলে যায়। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।’
খোকন সরকার প্রথম আলোকে বলেন, ‘আমাকে জানানোর পরপরই আমি জাতীয় জরুরি সেবা নম্বরে কল দিয়েছিলাম। পুলিশের পক্ষ থেকে আমি ঘটনাস্থলে আছি কি না, জানতে চাওয়া হয়। আমি নেই জানালে, যিনি আছেন তাঁকে দিয়ে কল করানোর পরামর্শ দেওয়া হয় আমাকে। সে অনুযায়ী পরে ৯৯৯–এ জানানো হলে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।’
নয়ারহাট বাজারের স্বর্ণ শিল্প সমিতির সভাপতি আশুতোষ ঘোষ জানান, সবার সঙ্গে কথা বলে মামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সংশ্লিষ্ট থানা বিষয়টি অবহিত হওয়ার সঙ্গে সঙ্গেই এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেছে। আশা করছি, দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনতে সক্ষম হব।’
পুলিশ সুপার মো. মারুফ হোসেন সরদার প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমরা খুবই গুরুত্বের সঙ্গে দেখেছি। শিগগিরই জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার বিষয়ে সংশ্লিষ্ট থানাকে দিকনির্দেশনা দেওয়া হয়েছে।’