
প্রশাসনের বাধা উপেক্ষা করে রাঙামাটির বিভিন্ন আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরে যাচ্ছে অনেক পরিবার। ঈদের দিন সোমবার সন্ধ্যা থেকে গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ৭৮টি পরিবার নিজ নিজ বাড়িতে ফিরে গেছে। পাহাড়ধসে যাদের বাড়িঘর আংশিক বিধ্বস্ত হয়েছে, মূলত সেসব লোকই আশ্রয়কেন্দ্র ছেড়ে যাচ্ছে। এ রকম কয়েকটি পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত সহায়-সম্পদ হারানোর ভয়েই তারা আশ্রয়কেন্দ্রে আর থাকতে চায়নি।
তবে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে আবারও বসবাসের উদ্যোগ নতুন করে বিপদ ডেকে আনতে পারে বলে রাঙামাটি জেলা প্রশাসনের কর্মকর্তারা বলছেন। বিশেষ করে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো এই বর্ষা মৌসুমে মোটেও নিরাপদ নয় বলে মনে করেন তাঁরা।
১৩ জুন পাহাড়ধসের পর রাঙামাটি শহরে ১৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়। এতে ঈদের দিন বিকেল পর্যন্ত নারী-শিশুসহ ৩ হাজার ৪৯০ জন অবস্থান করছিল। এর মধ্যে গত চার দিনে শহরের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আশ্রয়কেন্দ্রে ৩৯ পরিবারের ১০১ জন, রাঙামাটি সরকারি কলেজ আশ্রয়কেন্দ্র থেকে ৩৬ পরিবারের ১০৬ জন এবং বিএডিসি ভবনের আশ্রয়কেন্দ্র থেকে ৩ পরিবারের ১১ জন চলে গেছে।
রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুণ কান্তি চাকমা বলেন, পাহাড়ধসের পর রাঙামাটি শহরের অনেক এলাকা এখনো ঝুঁকিপূর্ণ। এ মুহূর্তে অতি ঝুঁকিপূর্ণ এলাকায় কারও বসবাস করা উচিত হবে না।
আশ্রয়কেন্দ্রে ওঠা লোকজনের মধ্য থেকে একজনকে জেলা প্রশাসন তত্ত্বাবধায়ক নির্বাচন করে। রাঙামাটি সরকারি কলেজ আশ্রয়কেন্দ্রের তত্ত্বাবধায়ক মো. ছগির হোসেন প্রথম আলোকে বলেন, পাহাড়ধসের পর এখানে ৮১ পরিবারে ৩০৭ জন আশ্রয় নেয়। কিন্তু ঈদের দিন সন্ধ্যা থেকে লোকজন যাওয়া শুরু করেছে। এখন আমার আশ্রয়কেন্দ্রে ৪৫ পরিবার রয়েছে। ৩০৭ জনের মধ্যে এখন রয়েছে ২০১ জন।
ঈদের পরদিন থেকে রাঙামাটি শহরের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আশ্রয়কেন্দ্র থেকেও লোকজন চলে যেতে শুরু করেছে বলে জানান এই কেন্দ্রের তত্ত্বাবধায়ক মো. সাইফুল আলম। তিনি বলেন, এখানে ১০১ পরিবারের ৩৮১ জন বাসিন্দা ছিল। তাদের বাড়ি শহরে ভেদভেদী পশ্চিম মুসলিম পাড়া, নতুনপাড়া, পোষ্ট অফিস কলোনি ও সনাতনপাড়ায়। এর মধ্যে গতকাল পর্যন্ত ৩৯ পরিবারের ১০১ জন চলে গেছে।
শহরের বিএডিসি ভবন আশ্রয়কেন্দ্রের তত্ত্বাবধায়ক মো. শেখ শুক্কুর বলেন, আশ্রয়কেন্দ্রে ৯৮ পরিবারের ৩৭৩ জন রয়েছে। এর মধ্যে ৩ পরিবারের ১১ জন চলে গেছে।
গতকাল সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত রাঙামাটি শহরের রূপনগর এলাকার তিনটি পাহাড় ঘুরে দেখা যায়, আশ্রয়কেন্দ্র থেকে ফিরে আসা লোকজন নিজেদের বিধ্বস্ত বাড়ি মেরামতের কাজ করছেন। তাঁদেরই একজন ইদ্রিস আলী। একটি পাহাড়ের ওপর তাঁর বসতঘর। এত দিন রাঙামাটি সরকারি কলেজ আশ্রয়কেন্দ্রে পরিবারের সাত সদস্যকে নিয়ে ছিলেন। ঈদের দিন সন্ধ্যায় সবাইকে নিয়ে বাড়ি চলে আসেন তিনি। পাহাড়ধসে তাঁর ঘরের এক পাশ ভেঙে গেছে। তিনি বলেন, রূপনগর এলাকার ২৫ থেকে ৩০ পরিবার আশ্রয়কেন্দ্র থেকে নিজ নিজ বসতবাড়িতে ফিরে এসেছে।
ইদ্রিস আলীর বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে আরেকটি পাহাড়ের ঢালে মো. বাহাদুরের বাড়ি। ঈদের পরদিন তিনিও পরিবারের সবাইকে নিয়ে আশ্রয়কেন্দ্র ছেড়ে নিজের বাড়িতে চলে এসেছেন। পরিবারের সদস্য পাঁচজন। তিনি বলেন, ঝুঁকিপূর্ণ হলেও তাঁর বাড়ি প্রায় অক্ষত রয়েছে। পরিষ্কার করে ঘরে বসবাস করছেন।
বাহাদুরের বাড়ি থেকে ১০০ গজ দূরে পাহাড়ের ঢালে পাশাপাশি বাড়িতে তিন প্রতিবেশী শেফালী বেগম, কামরুন্নাহার ও আনোয়ারা বেগম। তাঁরা বলেন, বাড়িতে হাঁস, মুরগি, গরু-ছাগলসহ মূল্যবান জিনিসপত্র রয়েছে। সহায়-সম্বল হারানোর ভয়ে তাঁরা আশ্রয়কেন্দ্র থেকে ঈদের দিন বাড়ি চলে এসেছেন।
১৩ জুন রাঙামাটিতে ভয়াবহ পাহাড়ধসের ঘটনায় ১২০ জন মারা যায়। এর মধ্যে শুধু রাঙামাটি শহরে ৭৩ জন প্রাণ হারায়। শহরের ভেদভেদী, শিমুলতলী, উলুছড়া, রূপনগর, পশ্চিম মুসলিমপাড়া, যুব উন্নয়ন এলাকা, ভেদভেদী, কিনামনি ঘোনা এলাকায় শত শত বাড়িঘর বিধ্বস্ত হয়।
আশ্রয়কেন্দ্র থেকে লোকজন চলে যাওয়ার বিষয়ে রাঙামাটির জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান প্রথম আলোকে বলেন, ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনই আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। কেউ যদি চলে যান, সেটি হবে দুঃখজনক। এ মুহূর্তে ওই সব এলাকা নিরাপদ নয়। আশ্রয়কেন্দ্র ছেড়ে যাওয়ার বিষয়টি তাঁরা খতিয়ে দেখবেন।