আশ্রয়ণ প্রকল্পে অনিয়মের অভিযোগে গাজীপুর সদরের ইউএনওকে বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে নিম্নমানের উপকরণ ও সঠিক মালামাল ব্যবহার না করাসহ বেশ কয়েকটি অনিয়মের অভিযোগে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) বদলি করা হয়েছে। এর মধ্যে ইউএনও এস এম সাদিক তানভীরকে গত বৃহস্পতিবার বরিশালে এবং পিআইও শাহরিয়ার মাহমুদকে ২২ মার্চ বান্দরবানে বদলি করা হয়। আজ মঙ্গলবার সকালে গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান এই দুই কর্মকর্তার বদলির বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন।

জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, গাজীপুর সদর উপজেলার ও সিটি করপোরেশন এলাকায় ভূমিহীন ও আশ্রয়হীন ব্যক্তিদের জন্য আশ্রয়ণ প্রকল্পের যে ঘর তৈরি করা হচ্ছিল, তাতে নিম্নমানের উপকরণ ব্যবহার ও অনিয়মের অভিযোগ উঠে। পরে নির্মাণাধীন ১১২টি ঘর ভেঙে ফেলা হয়। ঘটনাটি তদন্তের জন্য গাজীপুরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন সরদার ও গাজীপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. বারেক মিয়াকে নিয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার গাফিলতি, তদারকির অবহেলাসহ বেশ কিছু অনিয়ম পায় কমিটি। ১৬০টি ঘরের মধ্যে ১১২টি ঘরের নির্মাণ কাজে মারাত্মক অনিয়ম ও ত্রুটি ধরা পড়ে।

তদন্ত কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, গুরুত্বপূর্ণ এ প্রকল্পটির বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের যেভাবে দায়িত্ব পালনের কথা ছিল, সে দায়িত্বে তাঁরা অবহেলা ও গাফিলতি করেছেন। প্রকল্প বাস্তবায়ন কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাই হচ্ছেন প্রধান। প্রকল্প কমিটির সদস্যসচিব হলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। অন্য দুই সদস্য হলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। প্রকল্প বাস্তবায়নের সঙ্গে যুক্ত কমিটির অন্য সদস্যরাও অনিয়মের দায় এড়াতে পারেন না।

নিম্নমানের উপকরণ ও সঠিক মালামাল ব্যবহার না করায় ২০ থেকে ৩০ শতাংশ কাজ হওয়ার পর গাজীপুরে আশ্রয়ণ প্রকল্পের ১১২টি ঘর ভেঙে ফেলা হয়। ঘরগুলো আংশিক নির্মাণ ও পরে নতুন শ্রমিক নিয়োগ করে ভাঙার কাজে প্রকল্পের প্রায় ৬২ লাখ টাকা অপচয় হয়েছে। ভেঙে ফেলা ঘরগুলো আবার নির্মাণ করা হবে। ঘরগুলো আংশিক নির্মাণ করা হয়েছিল গাজীপুর সদরের বাড়িয়া, পিরুজালী, ভাওয়াল মির্জাপুর ও সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের ৩টি স্থানে। মুজিব বর্ষ উপলক্ষে এসব এলাকায় মোট ১৬০টি ঘর নির্মাণের কথা। গত ডিসেম্বরে শুরু হওয়া কাজ আগামী জুনে শেষ হওয়ার কথা ছিল। ঘরগুলো নির্মাণের দায়িত্বে ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম সাদিক তানভীর। তাঁর নির্দেশেই চলতি মাসের শুরুতে ৪ থেকে ৫ দিনে ১১২টি ঘর ভাঙা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঘরগুলো ভাঙার জন্য কোথাও ঘরপ্রতি তিন হাজার আবার কোথাও পাঁচ হাজার টাকা পর্যন্ত খরচ হয়। গত ২৮ ফেব্রুয়ারি ঘর নির্মাণের অগ্রগতি নিয়ে একটি প্রতিবেদন প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠানো হয়। প্রতিবেদনে চলমান কাজ ২০ শতাংশ শেষ হয়েছে বলে উল্লেখ করা হয়। একটি ঘর নির্মাণে বরাদ্দ রয়েছে ২ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা। ২০ শতাংশ কাজ শেষ হয়ে থাকলে প্রতিটি ঘরে খরচ হয়েছে ৫২ হাজার ৯০০ টাকা। তাতে ভেঙে ফেলা ১১২টি ঘরের মোট ব্যয় হয়েছে ৫৯ লাখ ২৪ হাজার ৮০০ টাকা। এ ছাড়া ঘরগুলো ভেঙে ফেলায় শ্রমিকদের জন্য খরচ হয়েছে ঘরপ্রতি গড়ে ৩ হাজার টাকা। সে হিসাবে ১১২টি ঘর ভাঙার কাজে মোট ব্যয় হয়েছে ৩ লাখ ৩৬ হাজার টাকা। মোট অপচয়ের পরিমাণ দাঁড়ায় ৬২ লাখ ৬০ হাজার ৮০০ টাকা।

আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের এই অনিয়ম নিয়ে ১৩ মার্চ প্রথম আলোয় ‘ভাঙা-গড়ায় অপচয় ৬২ লাখ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের পর ১৬ মার্চ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। একই দিনে তাঁর নির্দেশে জেলা প্রশাসক একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত শেষে কমিটি প্রকল্পের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন। এরপরই ওই দুই কর্মকর্তাকে বদলি করা হয়।