‘আশ্রয়ণ প্রকল্পের ঘরের কাজে কিছুটা পরিবর্তন ও বরাদ্দ বাড়বে’
সরকারি আশ্রয়ণ প্রকল্পে নকশা ঠিক রেখে ভবিষ্যতে ঘরের কাজে কিছুটা পরিবর্তন আনা হবে এবং এতে বরাদ্দ বাড়বে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) আহ্সান কিবরিয়া সিদ্দিকি। সুনামগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহহীন দরিদ্র মানুষের জন্য আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আহ্সান কিবরিয়া সিদ্দিকি আজ শুক্রবার সকালে সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের আদারবাজারসংলগ্ন সুরমা নদীর তীরে করা আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে যান। এখানে নদীতীরে প্রায় ২৪ একর সরকারি জমি অবৈধ দখলমুক্ত করে একটি মডেল প্রকল্প করা হচ্ছে। বর্তমানে পাশের হরিণাপাটি ও রঙ্গারচর এলাকার ১৫ পরিবার নতুন ঘরে উঠেছে। আহ্সান কিবরিয়া প্রকল্পের ঘরগুলো ঘুরে দেখেন এবং সেখানে থাকা পরিবারগুলোর সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন। এ সময় জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন ও অন্য কর্মকর্তারা তাঁর সঙ্গে ছিলেন।
আহ্সান কিবরিয়া বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে দেশজুড়ে গৃহহীন মানুষদের দেওয়া উপহারের প্রতিটি ঘরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবেগ জড়িয়ে আছে। তিনি গ্রামের মানুষদের ভালোবাসেন, তাঁদের সুখ-দুঃখ বোঝেন। দেশে কোনো গৃহহীন মানুষ থাকবে না, এটা তাঁর আজকের চিন্তা নয়। ১৯৯৬ সালে আওয়ামী লীগ যে নির্বাচনী ইশতেহার দিয়েছিল, তাতে বিষয়টির উল্লেখ ছিল।
আহ্সান কিবরিয়া আরও বলেন, এসব ঘরের নকশা প্রধানমন্ত্রী নিজে নির্ধারণ করেছেন। তিনি এই প্রকল্পের সব খবর রাখেন। অনেকেই বলছেন, ঘরের বরাদ্দ কম। বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। নকশা ঠিক রেখে ভবিষ্যতে ঘরের কাজে কিছুটা পরিবর্তন আনা হবে। এতে বরাদ্দ বাড়বে। কাজে নানা অনিয়মের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এক নকশায়, একই বরাদ্দে হাওর, পাহাড়, সমতল সব জায়গায় কাজ হচ্ছে। সব জায়গার পরিবেশ ও পরিস্থিতি এক নয়। সারা দেশ থেকে বিভিন্ন মাধ্যম থেকে তথ্য নেওয়া হয়েছে। যেখানে অনিয়ম ও ত্রুটি পাওয়া গেছে, সেখানে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর কার্যালয় অত্যন্ত কঠোর। তবে অনেক জায়গায় খুব ভালো কাজ হয়েছে। অনিয়ম হয়েছে কম।
সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন জানান, এখানে অনেক জমি আছে। এসব জমি কিছু লোক দখল করে রেখেছিল। দখলমুক্ত করে সেখানে আশ্রয়ণের একটি মডেল প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে প্রশাসন। এখানে খেলার মাঠ, শিশুপার্ক, বাজার, মসজিদ, কবরস্থান হবে। যাঁরা বসবাস করবেন, তাঁরা ধানের পাশাপাশি সবজি চাষ ও পশুপালন করতে পারবেন। একটি বেসরকারি সংস্থা শিশুদের জন্য প্রাথমিক পর্যায়ে পড়াশোনার ব্যবস্থা করবে।
পরিদর্শনকালে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আল-ইমরান রুহুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. রিফাতুল হক, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা ও মো. আবুল হোসেন উপস্থিত ছিলেন।