আশ্রয়শিবির থেকে অস্ত্রসহ দুই রোহিঙ্গা ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেকনাফে এপিবিএনের হাতে গ্রেপ্তার দুই রোহিঙ্গা ডাকাত
ছবি: প্রথম আলো

কক্সবাজারের টেকনাফ উপজেলার রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে অস্ত্রসহ দুই রোহিঙ্গা ডাকাতকে গ্রেপ্তার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোরা শালবাগানের ২৬ নম্বর আশ্রয়শিবিরের এ/১০ ব্লক-সংলগ্ন পাহাড়ের পাদদেশ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি একনলা বন্দুক, কার্তুজ ও একটি রামদা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন ২৬ নম্বর আশ্রয়শিবিরে এ/৩ ব্লকের নূর মোহাম্মদের ছেলে মো. জোবাইর (২৫) এবং সি-৬ ব্লকের খলিল আহমদের ছেলে সৈয়দ নুর (৩০)।

এপিবিএন সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত গভীর রাতে ২৬ নম্বর আশ্রয়শিবিরের এ/১০ ব্লক-সংলগ্ন পাহাড়ের পাদদেশে অস্ত্রসহ একদল ডাকাত একত্রিত হয়েছে—এমন তথ্য পায় এপিবিএন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পালানের চেষ্টা করেন। তখন মো. জোবাইর ও সৈয়দ নূরকে আটক করেন এপিবিএন সদস্যরা। তখন তাঁদের কাছ থেকে একটি একনলা বন্দুক, কার্তুজ ও একটি রামদা উদ্ধার করা হয়।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক ও পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, আটক দুজন পুলিশের তালিকাভুক্ত রোহিঙ্গা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাঁদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মামলা রুজুর পর আজ দুপুরে তাঁদের কক্সবাজার আদালতে পাঠানো হয়।