দেওয়ানগঞ্জ রেলস্টেশন
আসন বরাদ্দ খুব কম,যাত্রীদের চরম দুর্ভোগ
যাত্রীদের অভিযোগ, কাউন্টারে মুহূর্তে অগ্রিম টিকিট বিক্রি শেষ হয়ে যায়। অথচ কালোবাজারিদের কাছে ট্রেন ছাড়ার আগেও টিকিট পাওয়া যায়।
জামালপুরের দেওয়ানগঞ্জ রেলস্টেশন থেকে দুটি আন্তনগর ট্রেন চলাচল করে। দুটি আন্তনগর ট্রেনে সব মিলিয়ে বরাদ্দ আসন ২৩৪টি। তবে আসনের তুলনায় যাত্রী অনেক বেশি। এই সমস্যা নিরসনে প্রতিটি ট্রেনে বগি বাড়িয়ে দেওয়ানগঞ্জ স্টেশনের জন্য আসন বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন যাত্রীরা।
দেওয়ানগঞ্জ রেলস্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা অভিমুখে আন্তনগর তিস্তা এক্সপ্রেস সোমবার ছাড়া সপ্তাহে প্রতিদিন চলাচল করে। কাউন্টার ও অনলাইন মিলিয়ে এর ১১৪টি টিকিট ছাড়া হয়। অন্যদিকে ব্রহ্মপুত্র এক্সপ্রেস সপ্তাহে প্রতিদিন চলাচল করে। কাউন্টার ও অনলাইন মিলিয়ে ১২০টি আসন বরাদ্দ রয়েছে যাত্রীদের জন্য। কিন্তু প্রতিদিন আসনের চেয়ে চার গুণ যাত্রীর চাপ থাকে।
গত বুধবার বেলা একটায় সরেজমিনে দেখা যায়, তিস্তা এক্সপ্রেসের টিকিটের জন্য কাউন্টারের সামনে যাত্রীদের ভিড়। বেলা আড়াইটার দিকে ওই ট্রেনের দেওয়ানগঞ্জ রেলস্টেশনে আসার কথা। ৩০–৪০ জন যাত্রী কাউন্টারের সামনে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু কাউন্টারে কোনো টিকিট নেই। সবাইকে খালি হাতে ফিরতে হয়েছে। কাউন্টারে থাকা এক ব্যক্তি বলেন, যাত্রার ১০ দিন আগে অগ্রিম টিকিট ছাড়া হয়। মুহূর্তেই টিকিট বিক্রি শেষ হয়ে যায়। ফলে বাকি সময় কাউন্টারে কোনো টিকিট থাকে না।
যাত্রীদের অভিযোগ, যাত্রার ১০ দিন আগে অগ্রিম টিকিট ছাড়া হলেও মুহূর্তে টিকিট বিক্রি শেষ হয়ে যায়। অথচ কালোবাজারিদের কাছে ট্রেন ছাড়ার কয়েক মিনিট আগেও টিকিট পাওয়া যায়।
দেওয়ানগঞ্জ শহরের বাসিন্দা হাবিবুর রহমান বলেন, সড়কপথে ঢাকায় যাতায়াতের ভালো কোনো সুযোগ-সুবিধা নেই। ট্রেনে যাতায়াতে সুবিধা আছে, আবার টিকিটও সাশ্রয়ী। তবে মাত্র দুটি আন্তনগর ট্রেনে আসনসংখ্যা খুব সামান্য। ফলে এই রেলপথে নতুন ট্রেন দরকার। আর তিস্তা ও ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের আসনসংখ্যা বাড়ানো প্রয়োজন। তাহলে যাত্রীদের দুর্ভোগ অনেক কমে যাবে। একই সঙ্গে কালোবাজারিদের দৌরাত্ম্য কমবে।
যাত্রীদের অভিযোগ, টিকিট-সংকটের সুযোগ কাজে লাগিয়ে কালোবাজারিরা বেশ সক্রিয়। তাঁরা কাউন্টার ও অনলাইন থেকে টিকিট সংগ্রহ করে সেই টিকিট চড়া দামে যাত্রীদের কাছে বিক্রি করছেন। তাঁদের দৌরাত্ম্যের কাছে সাধারণ যাত্রীরা এক রকম জিম্মি হয়ে পড়েছেন। অনেক সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে দু-একজনকে আটক করলেও বেশির ভাগ কালোবাজারি থাকছেন ধরাছোঁয়ার বাইরে।
দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার মো. আবদুল বাতেন বলেন, যাত্রীর তুলনায় টিকিটের বরাদ্দ অপ্রতুল। তার মধ্যে অনলাইনে ৫০ শতাংশ টিকিট বিক্রি হয়। ফলে কাউন্টারে প্রাপ্ত টিকিটের সংখ্যা কমে গেছে। ফলে যাত্রীরা কাউন্টারে টিকিট কম পান। বিভিন্ন সময় এই পথে নতুন আন্তনগর ট্রেন ও আসনসংখ্যা বৃদ্ধির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কালোবাজারিরা সাধারণ যাত্রীবেশে লাইনে দাঁড়িয়ে টিকিট নিয়ে থাকতে পারেন, আবার অনলাইনেও সংগ্রহ করতে পারেন। তবে প্ল্যাটফর্মে কিংবা কাউন্টারের সামনে কোথাও কালোবাজারি হয় না। তবে কালোবাজারিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।