আসামি অনুপস্থিত, আবারও পেছাল অনন্ত হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্লগার অনন্ত বিজয় দাশ
ফাইল ছবি

আদালতে তিন সাক্ষী হাজির হলেও অনুপস্থিত ছিলেন এক আসামি। এ কারণে টানা চতুর্থবারের মতো পেছাল সিলেটের বিজ্ঞানবিষয়ক লেখক ও ব্লগার অনন্ত বিজয় হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। আজ মঙ্গলবার সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারিত ছিল।

সাক্ষ্য গ্রহণ না হওয়ায় আগামী ১৯ জানুয়ারি পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন সিলেটের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমিন। দুপুরে বাদীপক্ষের আইনজীবী প্যানেলের সদস্য মোহাম্মদ মনির উদ্দিন এসব তথ্য জানান।

মনির উদ্দিন জানান, সাক্ষ্য দেওয়ার জন্য মামলার তদন্ত কর্মকর্তা আরমান আলী, সিআইডির আইটি ফরেনসিক বিভাগের উপপরিদর্শক মাসুদ সিদ্দিকী ও উপপরিদর্শক সুহেল রানা উপস্থিত ছিলেন। হাজতে থাকা দুই আসামির মধ্যে আবুল খায়ের রশিদ আহমেদকে আদালতে হাজির করা হয়। অপর আসামি শফিউর রহমান ওরফে ফারাবিকে ঢাকা কারাগার থেকে সিলেট আদালতে আনা হয়নি। এ কারণে গুরুত্বপূর্ণ তিন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্ভব হয়নি।

মামলার বাদীপক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন এমাদ উল্লাহ শহিদুল ইসলাম ও আসামিপক্ষে ছিলেন আবদুল আহাদ।

২০১৫ সালের ১২ মে সিলেট নগরের সুবিদবাজারে নুরানি আবাসিক এলাকার নিজ বাসার সামনে খুন হন অনন্ত বিজয় দাশ (৩২)। পেশায় ব্যাংকার অনন্ত বিজ্ঞান নিয়ে লেখালেখির পাশাপাশি ‘যুক্তি’ নামের বিজ্ঞানবিষয়ক একটি পত্রিকা সম্পাদনা করতেন। এ ছাড়া বিজ্ঞান ও যুক্তিবাদী কাউন্সিলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন তিনি।

হত্যাকাণ্ডের পর অনন্তের বড় ভাই বাদী হয়ে সিলেট বিমানবন্দর থানায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করে মামলা করেন। এজাহারে বলা হয়, বিজ্ঞান বিষয়ে লেখালেখির কারণে অনন্তকে উগ্র ধর্মান্ধ গোষ্ঠী পরিকল্পিতভাবে হত্যা করেছে।

অভিযুক্ত আসামিদের মধ্যে ফারাবী বিজ্ঞান লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি। আরেক আসামি মান্নান রাহী আদালতে অনন্ত হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। ২০১৭ সালের ২ নভেম্বর মান্নান হঠাৎ অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আসামিদের মধ্যে আবুল হোসেন, ফয়সাল আহমদ ও মামুনুর রশীদ পলাতক।