আসামি ধরতে গিয়ে পুলিশের বাড়াবাড়ি
কুমিল্লার চান্দিনা উপজেলায় আসামি ধরতে গিয়ে পুলিশের গুলিতে বিদ্ধ হয়েছেন মাফিয়া বেগম (৫৫) নামের এক নারী। তাঁর ডান হাতে চারটি এবং ডান চোয়ালে একটি গুলি লাগে। এ ঘটনায় তিন নারীসহ পাঁচজন আহত হন। উপজেলার মহিচাইল ইউনিয়নের পরচঙ্গা গ্রামে শনিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
গ্রামবাসী জানান, শনিবার রাতে চান্দিনা থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল মাইক্রোবাস নিয়ে মহিচাইল ইউনিয়নের পরচঙ্গা গ্রামের কৃষক মো. শহিদুল ইসলামের বাড়িতে যায়। পুলিশ শহিদুলকে দরজা খুলতে বললে তিনি দরজা খুলতে অপারগতা প্রকাশ করেন। এ সময় উত্তেজিত পুলিশ সদস্যরা ঘরের দরজা ভেঙে তাঁকে চৌকি থেকে টেনে নামিয়ে ঘরের মেঝেতে ফেলে দেন। এরপর কাঠের গুঁড়ি ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে এসআই আবদুল্লাহ আল মামুন বুট জুতা দিয়ে তাঁকে লাথি মারেন। এ সময় তাঁকে রক্ষা করতে গিয়ে পুলিশের হাতে আহত হন তাঁর স্ত্রী রফেজা খাতুন (৪০), ছোট ভাই মফিজুল ইসলামের স্ত্রী মরিয়ম বেগম (৩৬) ও আবদুল খালেকের ছেলে আবুল হাশেম (৪২)। তখন ওই বাড়ির বাসিন্দারা ডাকাত বলে চিৎকার দেন। এ সময় পুলিশের গুলিতে আহত হন প্রতিবেশী প্রয়াত ছিদ্দিকুর রহমানের স্ত্রী মাফিয়া বেগম (৫৫)। গুরুতর আহত অবস্থায় মাফিয়া বেগমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চান্দিনা থানায় মো. শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘পুলিশের লোক পরিচয়ে অনেক সময় বাড়িতে ডাকাতি হয়। পুলিশ আমাকে দরজা খুলতে বলেন। আমি বললাম, চেয়ারম্যান আসলে দরজা খুলে দেব। তখন পুলিশ ঘরের টিনের বেড়া ও দরজায় লাথি মারে। একপর্যায়ে তাঁরা আমাকে মারধর শুরু করে। খবর পেয়ে মহিচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম রুহুল আমিন ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন সরকারও আমাদের বাড়িতে আসেন। তাঁরা পুলিশের সঙ্গে কথা বলতে চান। পুলিশ কোনো কথা না শুনেই তাঁদের সামনে আমাকে আবার মারধর করে।’
মাফিয়া বেগমের ছেলে জসিম উদ্দিন ও আমিনুল ইসলাম বলেন, ‘অপরাধ না থাকা সত্ত্বেও পুলিশ আমাদের মায়ের ওপর গুলি চালায়। আমরা এ ঘটনায় পুলিশের বিরুদ্ধে মামলা করব। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’
চেয়ারম্যান এ কে এম রুহুল আমিন বলেন, ‘পুলিশ আমাদের কোনো কথা শোনেনি। শহিদুলকে টেনেহিঁচড়ে মাইক্রোবাসে তোলার চেষ্টা করে। এ সময় গ্রামবাসী প্রতিরোধ করার চেষ্টা করলে পুলিশ গুলি করে। গুলিতে মাফিয়া বেগম গুলিবিদ্ধ হন। আহত হন আরও কয়েকজন। আমরা এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চাই।’
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসূল আহমদ নিজামী বলেন, নালিশি মামলার আসামি শহিদুলকে ধরতে গিয়ে এ ঘটনা ঘটেছে। আমরা ওই নারীর চিকিৎসার ব্যয়ভার বহন করব।’
জানতে চাইলে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কুমিল্লা জেলার শাখার সভাপতি নাজমুল আলম চৌধুরী গতকাল রাতে প্রথম আলোকে বলেন, রাতের বেলায় এভাবে আসামি ধরতে যাওয়া বিধিসম্মত হয়নি। পুলিশ বাড়াবাড়ি করেছে।