আসামি ধরতে যাওয়ায় পুলিশকে মারধর, পৌর কাউন্সিলর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

চাঁদাবাজির মামলার আসামি গ্রেপ্তার করতে যাওয়া পুলিশের ওপর হামলার অভিযোগে বগুড়ার সারিয়াকান্দি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও তাঁর বড় ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। আপেল মাহমুদ নামের ওই কাউন্সিলর পৌর আওয়ামী লীগেরও সদস্য। তাঁর বড় ভাইয়ের নাম হীরক আহমেদ।

সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মতিউর রহমান আপেল মাহমুদের দলীয় পদ–পদবি নিশ্চিত করেছেন। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে সারিয়াকান্দি থানা-পুলিশ পৌরসভার কূপতলা মহল্লায় আসামি ধরতে অভিযান চালায়। এ সময় হামলার ঘটনা ঘটে। পরে জড়িত অভিযোগে পুলিশ ঘটনাস্থল থেকেই আপেল ও হীরককে আটক করে থানায় নেয়।

সারিয়াকান্দি থানার উপপরিদর্শক হোসেন আলীর ভাষ্য, আপেল মাহমুদের বড় ভাই হীরক আহমেদের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, মাদক এবং পুলিশের ওপর হামলাসহ ১৩টি মামলা রয়েছে। এর মধ্যে চাঁদাবাজির একটি মামলার এজাহার নামীয় আসামিও তিনি।

ওই মামলার তদন্তকারী কর্মকর্তা সারিয়াকান্দি থানার উপপরিদর্শক কাজী নজরুল ইসলামের নেতৃত্বে থানা-পুলিশের একটি দল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে কূপতলা মহল্লায় হীরককে গ্রেপ্তার করতে যায়। একই বাড়িতে ছিলেন আপেল মাহমুদ। তিনি গ্রেপ্তার অভিযানে যাওয়া থানা-পুলিশের সদস্যদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে পৌর কাউন্সিলর এবং তাঁর ভাই পুলিশের ওপর হামলা চালান এবং মারধর করেন।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ২০১৯ সালেও পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগে আপেলের বিরুদ্ধে মামলা হয়েছিল। নতুন করে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আপেল মাহমুদ ও হীরক আহমেদের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।