আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, গ্রেপ্তার ৪
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় একাধিক মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ ঘটনার পর অভিযান চালিয়ে বাবা-ছেলেসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের গাজীপুর কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকার হাজী হাফিজুর রহমান (৬২), তাঁর ছেলে মো. রাজু (৩৩), রাজুর খালা শিউলি আক্তার (৫০) ও তাঁদের বাড়ির ভাড়াটে নেত্রকোনার কলমাকান্দা থানার কোটাকাটি এলাকার চাঁন মিয়ার ছেলে রুস্তম আলী (৩৪)।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে হরিণহাটি এলাকার হাজী মফিজ উদ্দিনের ছেলে একাধিক মামলার আসামি এমদাদুল হককে (৩২) গ্রেপ্তার করতে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। রাত ১১টার দিকে উপপরিদর্শক (এসআই) মো. সামসুদ্দোহা ও এএসআই সুলতান উদ্দিন মোটরসাইকেলে করে ওই আসামির বাড়ির পাশে যান। এ সময় আসামির চাচাতো ভাই মাদকাসক্ত রাজুসহ কয়েকজন পুলিশের গতি রোধ করে তাদের দায়িত্ব পালনে বাধা দেন। পুলিশ পরিচয় দিলেও মাদকাসক্ত রাজু, তাঁর বাবা ও খালা, তাঁদের বাড়ির ভাড়াটেসহ কয়েকজন পুলিশের এসআই সামসুদ্দোহা ও এএসআই সুলতানকে এলোপাতাড়ি মারধর করেন। পরে তাঁরা পুলিশের এএসআই সুলতানের কাছ থেকে ৩ হাজার ৭০০ টাকা মূল্যের একটি ক্যাসিও ঘড়ি ছিনিয়ে নেন এবং পুলিশ কর্মকর্তাদের অবরোধ করে রাখেন। তাঁরা ওয়্যারলেস সেটের মাধ্যমে পুলিশে সহায়তা চাইলে থানার অপর একটি দল অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার ও ঘটনাস্থল থেকে ওই চার আসামিকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় এসআই সামসুদ্দোহা বাদী হয়ে বৃহস্পতিবার সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ছয়-সাতজনকে আসামি করে থানায় একটি মামলা করেন। পরে দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের গাজীপুর কারাগারে পাঠানো হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী জানান, একাধিক মামলার আসামি ধরতে গেলে ক্ষিপ্ত হয়ে রাজুসহ অন্যরা পুলিশের ওপর হামলা করেন এবং এলোপাতাড়ি মারধর করে তাঁদের নীলাফুলা জখম করেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশদের উদ্ধার করে। বাকি আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।