আসামি পালানোর ঘটনায় সাময়িক বরখাস্ত পুলিশ পরিদর্শক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণ মামলার দুই আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় সাময়িক বরখাস্ত হয়েছেন নোয়াখালীর সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) জিসান আহমেদ। মঙ্গলবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ স্বাক্ষরিত এক আদেশে তাঁকে বরখাস্ত করা হয়। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিএনএ পরীক্ষার নমুনা দিতে একটি ধর্ষণ মামলার তিন আসামিকে ১৮ আগস্ট সকালে সোনাইমুড়ী থানা থেকে ঢাকায় সিআইডি কার্যালয়ে নিয়ে যায় পুলিশের একটি দল। নমুনা দেওয়া শেষ হলে তাঁদের সঙ্গে নিয়ে বিকেলে ফিরছিল সোনাইমুড়ী থানা-পুলিশের ওই দল।

পথে মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি রেস্তোরাঁর শৌচাগারের পেছনের জানালা ভেঙে দুই আসামি হাতকড়া নিয়ে পালিয়ে যান। পরে তাঁদের মধ্যে দেলোয়ার হোসেন (২৮) ওই দিন রাতেই কামরাঙ্গীরচর এলাকা থেকে গ্রেপ্তার হন। অপর আসামি মো. জুয়েল (২৪) এখনো পলাতক।

আসামি পাহারার দায়িত্বে থাকা একজন উপপরিদর্শক (এসআই) ও তিন পুলিশ সদস্যকে ঘটনার দিনই সাময়িকভাবে বরখাস্ত করা হয়। আর দলনেতা সোনাইমুড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিসান আহমেদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ পাঠানো হয় চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শকের (ডিআইজি) দপ্তরে। সেখান থেকে প্রস্তাবটি পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছিল। এরপর মঙ্গলবার পরিদর্শক জিসান আহমেদকে চাকরি থেকে সাময়িক বরখাস্তের এই আদেশ এল।

সাময়িক বরখাস্তের আদেশে পরিদর্শক জিসান আহমেদের বিরুদ্ধে বিভাগীয় শৃঙ্খলাপরিপন্থী কাজ, দায়িত্ব পালনে চরম অবহেলা ও গাফিলতির অভিযোগ আনা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন তিনি বরিশাল রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত থাকবেন। এ সময় বিধি মোতাবেক তিনি খোরাকি ভাতা ও অন্যান্য সরকারি সুবিধা পাবেন।

একই ঘটনায় সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলামের কৈফিয়ত তলব করা হয়েছে বলে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে জানানো হয়েছে। ঘটনাটি তদন্তে জেলা পুলিশ সুপারের গঠিত তিন সদস্যের কমিটি কাজ করছে। কমিটির প্রধান অতিরিক্ত জেলা পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা। আগামী রোববার নাগাদ তাঁর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।