আসামিদের যদি এভাবে সাজা হতে থাকে, তবে বন্য প্রাণী নিধন কমে যাবে

গত বছরের নভেম্বরে মৌলভীবাজারের রাজনগরের কাজিরহাটে একটি মেছো বিড়াল হত্যার ঘটনা ঘটে। হত্যার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা হয়। সেই সূত্রে রাজনগর থানায় মামলা করে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। তদন্ত ও সাক্ষ্য গ্রহণ শেষে বন আদালত গত ২৯ নভেম্বর অভিযুক্ত মো. মামুন মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এ রায়ের পরিপ্রেক্ষিতে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় (সদর দপ্তর মৌলভীবাজার) কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরীর সঙ্গে কথা বলে প্রথম আলো।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন :

প্রথম আলো: বন আদালতে এর আগে কোনো বন্য প্রাণী হত্যার ঘটনায় সাজা হয়েছিল?

রেজাউল করিম চৌধুরী: মেছো বিড়াল হত্যার দায়ে অভিযুক্ত ব্যক্তি এই প্রথম সাজার আওতায় এলেন। তবে মৌলভীবাজারে বেশ আগে একটি বানর শিকার ও হত্যার দায়ে একজনের সাজা হয়েছিল। আসলে বিজ্ঞ আদালতের রায়ের ওপর আমার কোনো বক্তব্য নেই। তবে একজন বনকর্মী হিসেবে বলব, এ রকম একটি প্রাণী হত্যার জন্য আসামির এক বছর বা অন্তত ছয় মাসের কারাদণ্ড হলে সেটি আরও দৃষ্টান্তমূলক হতো। তবে আশার কথা হলো, সাজা হওয়া শুরু হয়েছে। অন্য মামলাগুলোতেও যদি আসামিদের এভাবে সাজা হয়, তাহলে অত্র এলাকায় বন্য প্রাণী নিধন কমে যাবে।

প্রশ্ন :

প্রথম আলো: মামলার ঘটনাটি এক বছর আগের। মামলার প্রেক্ষাপট কী ছিল?

রেজাউল করিম চৌধুরী: এক বছর আগে আমরা এই মেছো বিড়াল হত্যার বিষয়টি ফেসবুকের মাধ্যমে জানতে পারি। বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২–এর সংশ্লিষ্ট ধারার সীমাবদ্ধতার কারণে আমি তখন আমার সহকর্মীদের সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দিতে পরামর্শ দিই। সেই অভিযোগের সঙ্গে ফেসবুকে প্রকাশিত ভিডিওটি সংযুক্ত করে দেওয়া হয়। রাজনগর থানা ঘটনার সত্যতা পেয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

প্রশ্ন :

প্রথম আলো: বন্য প্রাণী নিয়ে আদালতের এ রকম একটি রায় বন্য প্রাণী রক্ষায় কেমন ভূমিকা রাখবে বলে মনে করেন?

রেজাউল করিম চৌধুরী: এ ধরনের মামলায় অল্প সময় হলো সাজা হওয়া শুরু হয়েছে। সেটিকে খাটো করে দেখা যাবে না। বিভিন্ন সংবাদমাধ্যমেও এটি ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। এগুলো বন্য প্রাণী সংরক্ষণে ভালো ভূমিকা রাখবে বলে আমরা মনে করি।