আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি মা ও বোনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিফাত শরীফ
ছবি: সংগৃহীত

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির রায় কাল বুধবার ঘোষণা করা হবে। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক খণ্ডন শেষে ১৬ সেপ্টেম্বর বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আছাদুজ্জামান এ তারিখ ঘোষণা করেন। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি দাবি জানিয়েছেন রিফাত শরীফের স্বজনেরা।

ছেলে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে রিফাত শরীফের মা ডেইজি আক্তার বলেন, ‘আমার আদরের ছেলেকে যারা হত্যা করেছে, তাদের সর্বোচ্চ শাস্তির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করছি। আমাদের প্রত্যাশা, আদালত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবে।’

ভাই হারানো শোকে আচ্ছন্ন রিফাত শরীফের ছোট বোন ইসরাত জাহার বলেন, ‘যারা আমার ভাইকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে, তাদের সবার যেন ফাঁসি হয়। আমার মতো আর কোনো বোন যেন ভাইহারা না হয়।’

আমার আদরের ছেলেকে যারা হত্যা করেছে, তাদের সর্বোচ্চ শাস্তির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করছি। আমাদের প্রত্যাশা, আদালত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবে।
ডেইজি আক্তার, নিহত রিফাত শরীফের মা, বরগুনা

এ বিষয়ে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি ভুবন চন্দ্র হালদার বলেন, ‘সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ থেকে শুরু করে সব ধরনের যুক্তিতর্ক ও প্রমাণাদির মাধ্যমে আমরা এ মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে পেরেছি। আমরা প্রত্যাশা করছি, এ মামলার ১০ আসামির প্রত্যেকেই সর্বোচ্চ শাস্তি পাবে।’

গত বছরের ২৬ জুন সকালে বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে তাঁর স্ত্রী আয়শা সিদ্দিকার সামনে কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা। এরপর রিফাতকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর ওই দিন বিকেলে তিনি মারা যান। এ ঘটনায় ২৭ জুন রিফাতের বাবা আবদুল হালিম শরীফ বাদী হয়ে বরগুনা থানায় ১২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। এ মামলায় একমাত্র প্রত্যক্ষদর্শী হিসেবে প্রধান সাক্ষী করা হয় আয়শা সিদ্দিকাকে। পরে অভিযোগপত্রে ৭ নম্বর আসামি হিসেবে নাম আসে তাঁর।

গত বছরের ১ সেপ্টেম্বর প্রাপ্ত ও অপ্রাপ্তবয়স্ক ২৪ জনকে অভিযুক্ত করে পৃথক দুটি অভিযোগপত্র আদালতে দাখিল করে পুলিশ। এর মধ্যে প্রাপ্তবয়স্ক ১০ জন ও অপ্রাপ্তবয়স্ক ১৪ জনকে আসামি করা হয়েছে। মামলার অভিযোগপত্রভুক্ত প্রাপ্তবয়স্ক আসামি মো. মুসা এখনো পলাতক।

রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্তবয়স্ক আসামিরা হলেন রাকিবুল হাসান রিফাত ফরাজি, আল কাইউম ওরফে রাব্বি আঁকন, মোহাইমিনুল ইসলাম, রেজওয়ান আলী খান, মো. হাসান, মো. মুসা, রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা, রাফিউল ইসলাম, মো. সাগর ও কামরুল ইসলাম।

চলতি বছরের ১ জানুয়ারি রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালত। এরপর ৮ জানুয়ারি থেকে প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু করেন আদালত। মোট ৭৬ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এ মামলায়।

রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্তবয়স্ক আসামিরা হলেন রাকিবুল হাসান রিফাত ফরাজি, আল কাইউম ওরফে রাব্বি আঁকন, মোহাইমিনুল ইসলাম, রেজওয়ান আলী খান, মো. হাসান, মো. মুসা, রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা, রাফিউল ইসলাম, মো. সাগর ও কামরুল ইসলাম।