আহত কলেজশিক্ষক শঙ্কামুক্ত, আটক ফয়জুল্লাহর কম্পিউটার জব্দ
মাদারীপুরে দুর্বৃত্তদের হামলায় আহত কলেজশিক্ষক রিপন চক্রবর্তী শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় আটক গোলাম ফয়জুল্লাহ ফাহিম (২০) শিক্ষক ও সহপাঠীদের কাছে ভালো ছাত্র হিসেবে পরিচিত ছিলেন। তবে কয়েকজন সহপাঠী বলেছেন, তাঁর মধ্যে ধর্মীয় উগ্রবাদের প্রকাশ পায় একাদশ শ্রেণিতে পড়ার সময়।
পুলিশ সূত্র বলেছে, রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদে ফয়জুল্লাহর বাসা থেকে তাঁর কম্পিউটার জব্দ ও ওই বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তাঁকে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজের গণিত বিভাগের প্রভাষক রিপন চক্রবর্তীর ওপর হামলার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার মাদারীপুরে মানববন্ধন করেছে ওই কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা এবং পূজা উদ্যাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।
গত বুধবার বিকেলে রিপন চক্রবর্তীকে কলেজের পাশে নিজ বাসায় কুপিয়ে জখম করে তিন দুর্বৃত্ত। স্থানীয় লোকজন ধাওয়া করে ফয়জুল্লাহকে আটক করে পুলিশে দেন। গতকাল সন্ধ্যা পর্যন্ত ওই ঘটনায় মামলা হয়নি।
ফয়জুল্লাহ বাবা-মায়ের সঙ্গে দক্ষিণখানের ফায়দাবাদে একটি পাঁচতলা বাড়ির দ্বিতীয় তলায় থাকতেন। উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে ২০১৪ সালে ওই কলেজে ভর্তি হন। এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নেন তিনি।
কলেজে ফয়জুল্লাহর শ্রেণিশিক্ষক গতকাল প্রথম আলোকে বলেন, একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ফয়জুল্লাহর উপস্থিতি ৮০ শতাংশের বেশি ছিল। এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালে ফয়জুল্লাহর মায়ের কাছে জানতে পারেন ফয়জুল্লাহ নিখোঁজ। ১২ জুন রসায়নের লিখিত পরীক্ষায় অংশ নেয়নি। ওই শিক্ষক বলেন, ফয়জুল্লাহর আচরণে কোনো উগ্রতা ছিল না। পত্রিকায় তার ছবি দেখে প্রথমে বিশ্বাসই হয়নি, ছেলেটা এমন কাজ করতে পারে।
ফয়জুল্লাহর এক সহপাঠী নাম না প্রকাশের শর্তে বলেন, মাধ্যমিক পর্যন্ত তাঁর আচরণ স্বাভাবিক ছিল। একাদশ শ্রেণিতে পড়ার সময় কলেজের বাইরের কয়েকজনের সঙ্গে তাঁর বন্ধুত্ব হয়। এরপরই তাঁর আচরণে পরিবর্তন আসে। আরেক সহপাঠী বলেন, একাদশ শ্রেণিতে পড়ার সময় ফয়জুল্লাহর মধ্যে ধর্মীয় উগ্রতা দেখা গেছে।
গতকাল ফায়দাবাদে ফয়জুল্লাহদের বাসার কাছের মুদি দোকানি, নরসুন্দর, প্রতিবেশী লোকজনের কাছে তাঁর কথা জানতে চাইলে তাঁরা বলেন, তাঁকে চেনেন না। ফয়জুল্লাহদের বাসা তালাবদ্ধ পাওয়া যায়। এ বাসা থেকেই ১১ জুন তিনি নিখোঁজ হন জানিয়ে তাঁর বাবা ওমর ফারুক দক্ষিণখান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ওই জিডির উদ্ধৃতি দিয়ে দক্ষিণখান থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, ১১ জুন সকালে ফয়জুল্লাহ তাঁর মায়ের মুঠোফোনে একটি খুদে বার্তা পাঠিয়ে বাসা থেকে চলে যান। খুদে বার্তায় লেখা ছিল, ‘বিদেশ চলে যাচ্ছি। আমার জন্য দোয়া কোরো। বেঁচে থাকলে আবার দেখা হবে।’
প্রথম আলোর বরিশাল প্রতিনিধি জানিয়েছেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল সকাল ১০টার দিকে রিপন চক্রবর্তীর সিটি স্ক্যান ও এক্স-রে করা হয়েছে। হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক এ এম এস এম সারফুজ্জামান বলেন, রিপন চক্রবর্তী ভালো আছেন। সিটি স্ক্যান ও এক্স-রে প্রতিবেদনে কোনো সমস্যা পাওয়া যায়নি। তবে তাঁর সেরে উঠতে একটু সময় লাগবে।
রিপন চক্রবর্তীর স্ত্রী মনিমালা রায় বলেন, সকালে রিপন তাঁদের সঙ্গে কথা বলেছেন। কেন এবং কারা কুপিয়ে জখম করেছে, সে ব্যাপারে কিছুই বলতে পারেননি রিপন।
শরীয়তপুর প্রতিনিধি জানান, কলেজশিক্ষক রিপন চক্রবর্তীর ওপর হামলার প্রতিবাদে মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা গতকাল মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে এবং বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে।
শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে সরকারি নাজিমউদ্দিন কলেজে সব ক্লাস বন্ধ ছিল। সকালে উদ্বিগ্ন শিক্ষকেরা কলেজে জরুরি সভা করে পুলিশ সুপারের কাছে নিরাপত্তা বাড়ানোর দাবি জানান।
পুলিশ বলেছে, ফয়জুল্লাহকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। হামলার কারণ ও তাঁর সহযোগীদের ধরতে পুলিশের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও র্যাবও কাজ করছে। ফয়জুল্লাহর ঢাকার বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহের পাশাপাশি তাঁর ব্যবহৃত কম্পিউটার জব্দ করা হয়েছে।
রাতে মাদারীপুরের পুলিশ সুপার সারোয়ার হোসেন বলেন, কলেজশিক্ষকের ওপর হামলার ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। শিগগির ফয়জুল্লাহকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে। তাঁর পরিবারের অন্য সদস্যদের আটক করা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, তাঁদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাসা থেকে নিয়ে এসে বিভিন্ন তথ্য নিয়ে ছেড়ে দিয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার পাল বলেন, পুলিশ ফয়জুল্লাহকে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। তাঁর কাছ থেকে কিছু তথ্য পাওয়া গেছে, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে।