আহত শিশুটির চেতনা ফেরেনি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় অটোরিকশা উল্টে মাথা ও বুকে গুরুতর আঘাত পাওয়া শিশু তানজিল শরিফের (৬) চেতনা ফেরেনি সাত দিনেও। সে এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসাধীন।
শিশুটি পৌর শহরের গড়কান্দা এলাকার বাসিন্দা। সে সেঁজুতি বিদ্যানিকেতনের নার্সারি শ্রেণির শিক্ষার্থী। অটোরিকশাচালক বাবা শরিফুল ইসলাম ছেলের চিকিৎসা খরচ জোগাতে দিশেহারা হয়ে পড়েছেন।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৪ মে বাবা ও মা কাজে শেরপুরে যান। তানজিলকে নিয়ে তার বড় ভাই চতুর্থ শ্রেণির শিক্ষার্থী লিখন মিয়া বাবার অটোরিকশা নিয়ে নয়াবিল ঘুরতে বের হয়। বাসায় ফেরার পথে নয়াবিল সড়কের স্লুইসগেট এলাকায় তাদের অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে দুই ভাই আহত হয়। এলাকাবাসী তাদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। লিখনকে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন। তানজিলকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।