আহসান মঞ্জিলের সামনের সড়কের বেহাল দশা

সড়কের এক পাশের ফুটপাত দখল করে চলছে খুচরা ফল ব্যবসা, অন্য পাশে টংদোকান। মূল সড়কে এলোমেলোভাবে রাখা হয়েছে রিকশা, ভ্যান ও ট্রাক। ফলের আড়তের ময়লা-আবর্জনা আবার ফেলা হচ্ছে এই সড়কেই। এ ছাড়া বুড়িগঙ্গা নদীর সীমানাপ্রাচীর ঘেঁষে গড়ে উঠেছে অবৈধ বস্তি ও দোকানপাট।
এই চিত্র পুরান ঢাকার নবাববাড়ি আহসান মঞ্জিলের সামনে (দক্ষিণ) আহসান উল্লাহ সড়কের। ঐতিহাসিক এই স্থাপনার সামনে এভাবে দখল ও অবৈধ স্থাপনা গড়ে ওঠায় নান্দনিক সৌন্দর্য হারাচ্ছে আহসান মঞ্জিল। তবে গতকাল রোববার নদীর সীমানাপ্রাচীরের ভেতরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। কিন্তু ঢাকা জেলা প্রশাসক লঞ্চঘাটের অবৈধ কয়েকটি দোকান উচ্ছেদ করেনি তারা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও বিআইডব্লিউটিএর অবহেলার কারণেই আহসান মঞ্জিলের সামনে সড়কে এই দখলের মচ্ছব হচ্ছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আবদুর রহমান মিয়াজী বলেন, গত ঈদুল ফিতরের আগে আহসান উল্লাহ সড়কের ওয়াইজঘাট থেকে আহসান মঞ্জিলের সীমানা পর্যন্ত উচ্ছেদ করা হয়েছে। সিটি করপোরেশন থেকে ম্যাজিস্ট্রেট পেলে বাকি অংশ আবার উচ্ছেদ করা হবে।
সরেজমিনে দেখা যায়, আহসান উল্লাহ সড়কের বিআইডব্লিউটিএ মার্কেট থেকে বাদামতলীর হোটেল খানকা শরিফ পর্যন্ত আহসান মঞ্জিলের দক্ষিণ সীমানা। এই সড়কের উত্তর পাশে ফুটপাতে ঝুড়িতে ফল বিক্রি করছেন ৬০ থেকে ৭০ জন খুচরা ব্যবসায়ী। দক্ষিণ পাশে গড়ে উঠেছে ২০ থেকে ২৫টি টংদোকান। এলোমেলোভাবে রাখা হয়েছে রিকশা, ভ্যান ও ট্রাক। ফলে বাধ্য হয়ে সড়ক দিয়ে চলাচল করছেন পথচারীরা। এ ছাড়া নদীর সীমানাপ্রাচীরের ভেতরে গড়ে উঠেছে প্রায় ৩০টি বস্তিঘর।
গতকাল দুপুরে উচ্ছেদ অভিযানের সময় বিআইডব্লিউটিএর ঢাকা নদী বন্দরের উপপরিচালক শহীদ উল্লাহ বলেন, সম্প্রতি দুবার নদীর সীমানার ভেতরে স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। কিন্তু তা আবার দখল হয়ে যায়। এ জন্য মানুষের সচেতনতা প্রয়োজন। ফুটপাতের খুচরা ফল ব্যবসায়ী মো. সেলিম বলেন, মাঝেমধ্যে তিনি এখানে ফল বিক্রি করতে বসেন। এ জন্য কারও অনুমতি নিতে হয় না। দিনে তাঁকে ৩০ থেকে ৪০ টাকা চাঁদা দিতে হয়। তবে চাঁদা আদায়কারীর নাম বলতে তিনি রাজি হননি।
আহসান মঞ্জিলের উপ-কিপার (চলতি দায়িত্ব) মো. হুমায়ুন মালিক বলেন, আহসান উল্লাহ সড়ক পরিষ্কার ও অবৈধ দোকান উচ্ছেদ করতে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরকে জানানো হয়েছে।