কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হিসেবে সাবেক সাংসদ মো. সোহরাব উদ্দিনকে মেনে নিতে পারছে না দলটির আরও একটি পক্ষ। পক্ষটি আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ করে আহ্বায়ক পদ থেকে সোহরাবকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে। পক্ষটির নেতৃত্বে রয়েছেন বিলুপ্ত কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম।
দলীয় সূত্র জানায়, বিলুপ্তির ১০ মাস পর গত ২২ জুলাই সোহরাব উদ্দিনকে আহ্বায়ক করে এক সদস্যের পাকুন্দিয়া আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেন জেলার নেতারা। এরপর থেকে সোহরাবকে পদ থেকে সরিয়ে দেওয়ার দাবিতে সাংসদ নূর মোহাম্মদ পক্ষের নেতা-কর্মীরা নানা কর্মসূচি নিয়ে মাঠে সরব রয়েছেন। রফিকুল সাংসদের অনুগত নন। তিনি সাংসদবিরোধী অবস্থান নিয়ে রাজনীতি করছেন। কমিটি ইস্যুতে রফিকুলের অবস্থান এত দিন স্পষ্ট ছিল না।
দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় শোক দিবসের কর্মসূচি কোন ব্যানারে হবে, জানতে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কয়েক শ নেতা-কর্মী উপজেলা পরিষদে গিয়ে রফিকুল ইসলামের সঙ্গে দেখা করেন। তখন তিনি নিজ কার্যালয়ে অবস্থান করে মাইকযোগে নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় নেতা-কর্মীরা বাইরে অবস্থান করেন। বক্তব্যে রফিকুল ইসলাম সাবেক সাংসদ সোহরাবকে ‘অনুপ্রবেশকারী ও ষড়যন্ত্রকারী’ আখ্যা দিয়ে বলেন, আর যা–ই হোক সোহরাবকে দিয়ে পাকুন্দিয়া আওয়ামী লীগের রাজনীতি চলতে পারে না। এ অবস্থায় তিনি সোহরাবকে সরিয়ে ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মী দিয়ে আহ্বায়ক কমিটি গঠনের জন্য জেলা কমিটির কাছে অনুরোধ জানান।
এ সময় জেলা পরিষদ সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাদিউল ইসলাম, পাকুন্দিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম, জাঙ্গালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদের সাবেক ডেপুটি কমান্ডার মো. আবদুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা মো. জনাব আলী, মাইজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে ৩০ জুলাই আহ্বায়ক কমিটি বিলুপ্ত চেয়ে দলটির কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি দেন রফিকুল। চিঠিতে পাকুন্দিয়ায় আওয়ামী লীগের রাজনীতির দীর্ঘ অচলাবস্থার কারণ তুলে ধরে বলা হয়, বারবার প্রস্তুতি নিয়েও সম্মেলন করা যাচ্ছে না। আর না করতে পারার কারণ সোহরাবের ষড়যন্ত্র। সোহরাব দ্বারা বারবার হামলা ও মামলার শিকার হওয়ার তথ্যও চিঠিতে উল্লেখ রয়েছে। এ ছাড়া কেন্দ্রের নির্দেশ অমান্য করে বর্তমান সাংসদ নূর মোহাম্মদ ইউনিয়ন কমিটি করে ফেলা এবং পরে কেন্দ্র তা বাতিল করে দেওয়ার বিষয়টিও উঠে আসে।
রফিকুলের দাবির বিষয়ে সাবেক সাংসদ সোহরাব উদ্দিন বলেন, যা হচ্ছে সবই রাজনৈতিক কৌশল। আর কমিটি নিয়ে বড় দলে হাউমাউ থাকতেই পারে। তবে সেটা হয় সাময়িক। তিনি বলেন, ‘চেষ্টা করব সব পক্ষকে নিয়ে দল পুনর্গঠন করার।’
উপজেলা চেয়ারম্যান রফিকুলের নেওয়া কর্মসূচির বিষয়ে সাংসদ নূর মোহাম্মদ বলেন, ‘এ বিষয়ে এখনো রফিকুলের সঙ্গে আমার সরাসরি কথা হয়নি। তবে তাঁর পক্ষের কয়েকজন আজকের সভা করার বিষয়ে অবগত করেছে।’
রফিকুলের পক্ষের দাবির বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল বলেন, চাইলেই সব দেওয়া যায় না। মনে রাখতে হবে সোহরাবকে আহ্বায়ক করা হয়েছে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা থেকে।