পাকুন্দিয়া উপজেলা আ.লীগ
আহ্বায়ককে না সরালে গণপদত্যাগের হুমকি
সাংসদ নূর মোহাম্মদের পক্ষের নেতারা ঘোষণা দিয়েছেন, অন্তত ১৫ হাজার নেতা-কর্মী পদত্যাগ করবেন।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হিসেবে সাবেক সাংসদ মো. সোহরাব উদ্দিনকে সরিয়ে দেওয়ার দাবিতে এবার সাংসদ নূর মোহাম্মদের পক্ষ দল বেঁধে পদত্যাগ করার হুমকি দিয়েছে। গতকাল বুধবার প্রেসক্লাব চত্বরে এ বিষয়ে সভা করে পক্ষটি।
সভা শেষে ঘোষণা আসে, সোহরাবকে তারা দল ও পদ কোনোটিতে আর দেখতে চায় না। তারা জেলার নেতাদের কাছে চলমান বিধিনিষেধ শেষ হওয়ার আগেই সোহরাবকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে। দাবি মানা না হলে তারা পদত্যাগ করবে বলে ঘোষণা দিয়েছে। ওই ঘোষণায় গণপদত্যাগের সম্ভাব্য তারিখ ও সংখ্যা বলে দেওয়া হয়েছে। সে অনুযায়ী অন্তত ১৫ হাজার নেতা-কর্মী পদত্যাগ করবেন। ৬ আগস্ট পদত্যাগ করা শুরু হবে।
দলীয় সূত্র জানায়, পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি নেই প্রায় দুই যুগ। উপজেলায় আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছে আহ্বায়ক কমিটি। গত বছরের ২০ সেপ্টেম্বর কমিটি বিলুপ্ত করা হয়। বিলুপ্তির ১০ মাস পর সম্প্রতি সোহরাব উদ্দিনকে আহ্বায়ক করে কমিটি ঘোষণা করে জেলা কমিটি। তবে কমিটির আর কোনো সদস্যের নাম ঘোষণা করা হয়নি। এর পর থেকেই সোহরাব উদ্দিনকে আহ্বায়ক পদ থেকে সরিয়ে দেওয়ার দাবিতে সাংসদ পক্ষ নানা কর্মসূচি দিচ্ছে।
গতকাল বিধিনিষেধ উপেক্ষা করে সভা শুরু হয় দুপুর ১২টায়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন। উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, বিলুপ্ত আহ্বায়ক কমিটির সদস্য ইদ্রিস আলী, জয়নাল আবেদিন, জমশেদ আলীসহ সাংসদ পক্ষের আরও কিছু নেতা-কর্মী।
মোতায়েম হোসেন মুঠোফোনে বলেন, ‘এরই মধ্যে অনেক পানি গড়িয়েছে। বিক্ষোভ করেছি, মারামারিও হয়েছে। কিন্তু সোহরাব উদ্দিন তাঁর পদে বহাল রয়েছেন। তাঁকে পদে রেখে আমাদের রাজনীতি হবে না। সেই কারণে পদে হয় সোহরাব থাকবেন, না হয় আমরা। ব্যতিক্রম হলে সরে যাব। সে কারণেই আমাদের কঠোর সিদ্ধান্ত বাস্তবায়নের আগে কিছু সময় রাখা হয়েছে। আশা করছি, এবার জেলা নেতাদের ঘুম ভাঙবে।’
আমি তো হাতে গুনে সাংসদ পক্ষের ১৫ জনের বেশি পাই না। ১৫ হাজার আসবে কোথা থেকে?ফরিদ উদ্দিন, জেলা যুবলীগের সদস্য, কিশোরগঞ্জ
এদিকে গত সোমবার সাংসদ পক্ষের লোকজনের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন উপজেলার চরফরাদি ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আবদুল্লাহ। তিনি সোহরাবের অনুগত হিসেবে পরিচিত। এর আগে রোববার হামলা ও বিস্ফোরক আইনে সোহরাব পক্ষের ২২ নেতা-কর্মীর বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় মামলা হয়।
ওসি সারোয়ার জাহান বলেন, হামলার তথ্য এখনো তাঁদের কাছে নেই। আর সাদেক হোসেনের করা মামলার আসামিদের ধরার চেষ্টা চলছে।
এ বিষয়ে একাধিকবার চেষ্টা করেও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সোহরাব উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে তাঁর সমর্থক ও জেলা যুবলীগের সদস্য ফরিদ উদ্দিন বলেন, ‘আমি তো হাতে গুনে সাংসদ পক্ষের ১৫ জনের বেশি পাই না।’
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল বলেন, কারও কথায় এত লোক একসঙ্গে পদত্যাগ করবেন কোন দুঃখে?