আড়াই কিলোমিটার সড়ক আটকে গেছে ছয় শ ফুটে

গাইবান্ধা শহরে চার লেন সড়কের প্রায় ৮৫ শতাংশ কাজ হয়েছে। রেলগেট এলাকা থেকে স্থাপনা না সরানোয় কাজ থেমে গেছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেলওয়ের জায়গা ইজারা নিয়ে দোকান বসিয়েছেন ব্যবসায়ীরা। গত বুধবার গাইবান্ধা শহরের ১ নম্বর রেলগেট এলাকায়।
ছবি: প্রথম আলো

গাইবান্ধা জেলা শহরের চার লেন সড়কের কাজ এখন অনেকটা দৃশ্যমান। কার্পেটিংয়ের কাজ শেষ পর্যায়ে। নির্মিত হয়েছে বিভাজক। নালার কাজও শেষের দিকে। প্রায় ৮৫ শতাংশ কাজ হলেও শহরের ১ নম্বর রেলগেট এলাকা থেকে বেশ কিছু স্থাপনা না সরানোয় থেমে গেছে কাজ।

এই এলাকায় রেলওয়ের প্রায় ৬০০ ফুট জমি ইজারা নিয়ে দোকান করেছেন কয়েকজন ব্যবসায়ী। তাঁরা বলছেন, এই মুহূর্তে দোকান সরালে তাঁরা আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন।

গাইবান্ধা শহরের পূর্ব দিকে বড় মসজিদ মোড় থেকে পশ্চিমে পুলিশ সুপারের কার্যালয় পর্যন্ত আড়াই কিলোমিটার চার লেন সড়কের নির্মাণকাজের উদ্বোধন করা হয় ২০১৮ সালের নভেম্বরে। গাইবান্ধা সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানা গেছে, নির্মাণকাজে ব্যয় ধরা হয়েছে ১১৭ কোটি টাকা। এর মধ্যে সড়ক নির্মাণে ৬ কোটি ও বাকি টাকা জমি অধিগ্রহণের জন্য।

দীর্ঘদিন ধরে ব্যবসা করছি। উন্নয়নের জন্য জায়গা ছেড়ে দিতেও রাজি। কিন্তু সে জন্য ক্ষতিপূরণ দিতে হবে।
নুর মোহাম্মদ, রেলগেট এলাকার ব্যবসায়ী

চলতি বছরের ৩০ জুন কাজ শেষ হওয়ার কথা থাকলেও পরে মেয়াদ বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান এম এম বিল্ডার্স এই কাজ বাস্তবায়ন করছে।

গত বুধবার সকালে ১ নম্বর রেলগেট এলাকায় গিয়ে দেখা গেছে, রেলপথের দুই পাশে সড়ক ঘেঁষে ফল ও ফাস্ট ফুডের দোকান–হোটেল। নুর মোহাম্মদ নামের এক ব্যবসায়ী বলেন, এই জায়গা তাঁরা রেলওয়ের কাছে থেকে ইজারা নিয়েছেন। দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন। উন্নয়নের জন্য জায়গা ছেড়ে দিতে তাঁরা রাজি। কিন্তু সে জন্য ক্ষতিপূরণ দিতে হবে।

সড়কটি নির্মাণকাজ বাস্তবায়ন করছে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান এম এম বিল্ডার্স। প্রতিষ্ঠানটির প্রতিনিধি আমিনুল হক বলেন, রেলওয়ের জায়গা থেকে স্থাপনা উচ্ছেদে শুরু থেকেই সওজকে তাগাদা দেওয়া হয়। কিন্তু দুই দপ্তরের (রেল ও সওজ) সমন্বয়ের অভাবে উচ্ছেদ হচ্ছে না।

এ বিষয়ে গাইবান্ধা সওজের নির্বাহী প্রকৌশলী ফিরোজ আখতার বলেন, দুই দপ্তরের সমন্বয় ঘটাতে সম্প্রতি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নীলিমা আখতার গাইবান্ধায় এসেছিলেন। তিনি রেল ও সওজের মধ্যে সমন্বয় করে চার লেনের কাজটি দ্রুত শেষ করার তাগিদ দেন। তখন রেলের লালমনিরহাট অঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক শাহ সফি নূর মোহাম্মদও ছিলেন।

শাহ সফি নূর মোহাম্মদ বলেন, সমন্বয়ের কাজ অনেকটাই এগিয়েছে। দ্রুত স্থাপনা উচ্ছেদ করা হবে।