নেত্রকোনা-কেন্দুয়া
আড়াই বছর ধরে বাস চলে না সড়কটিতে
২৬ দশমিক ৭৪ কিলোমিটার সড়কটি তিন বছর ধরে বেহাল পড়ে আছে। সড়কজুড়ে ছোট-বড় অসংখ্য গর্ত।
নেত্রকোনা শহরের বনোয়াপাড়া মোড় থেকে কেন্দুয়া পৌরসভা কার্যালয় পর্যন্ত ২৬ দশমিক ৭৪ কিলোমিটার সড়কটি তিন বছর ধরে বেহাল পড়ে আছে। সড়কজুড়ে ছোট-বড় অসংখ্য গর্ত। সড়কের এই দুরবস্থার কারণে প্রায় আড়াই বছর ধরে এ পথে বাস চলাচলই বন্ধ হয়ে গেছে। দীর্ঘদিন ধরে এলাকার মানুষ সড়কটি সংস্কারের দাবি জানিয়ে এলেও গুরুত্বপূর্ণ এ সড়ক সংস্কার হচ্ছে না।
সড়কটি সংস্কারে দুই বছর আগে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন দেওয়া হয়। এরপর দরপত্র আহ্বান, কার্যাদেশ, উদ্বোধন সবই হয়। কিন্তু এখনো সংস্কারকাজ শুরু হয়নি। সওজের উদাসীনতার কারণেই এমনটি ঘটছে বলে স্থানীয় লোকজন অভিযোগ করছেন।
জেলা সড়ক ও জনপথ (সওজ) কার্যালয় সূত্রে জানা গেছে, নেত্রকোনা-কেন্দুয়া ২৬ কিলোমিটার সড়কই বেহাল। এখন ওই পথে সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক, মোটরসাইকেলসহ ছোট যানবাহন চলাচল করে শুধু। খানাখন্দে ভরা রাস্তায় এসব যান হেলেদুলে চলে। এসব যানবাহনে চলাচল করতে গিয়ে যাত্রীদের দুই থেকে পাঁচ গুণ বেশি ভাড়া গুনতে হচ্ছে। অন্যদিকে ৪৫ মিনিটের পথ তিন থেকে চার ঘণ্টা সময় লাগছে। আবার অনেকে এই পথে না গিয়ে মদন হয়ে দ্বিগুণ পথ ঘুরে নেত্রকোনা-কেন্দুয়া যাতায়াত করছেন।
জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফ খান বলেন, কেন্দুয়া সড়কের অবস্থা খারাপের জন্য আড়াই বছরের বেশি সময় ধরে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। বাসের চাকা গর্তে ফেঁসে যায়।
সড়কের প্রস্থ ১২ ফুট হওয়ায় দুটি বাস একসঙ্গে অতিক্রম করতে সময় বেশি লাগে, দুর্ঘটনা ঘটে। তাই বাস বন্ধ করে রাখা হয়েছে। তিনি জানান, আগে ওই পথ দিয়ে যাত্রীর অভাব ছিল না। আধা ঘণ্টা পরপর ১৫-২০টি বাস প্রতিদিন চলাচল করত।
স্থানীয় লোকজনের অভিযোগ, সওজ কর্তৃপক্ষ দুই-আড়াই বছর আগে মাঝেমধ্যে সড়কের গর্তে কিছু ভাঙা ইট-খোয়া ও বালু ফেলে যেত। কিন্তু একনেকে প্রকল্প পাস হওয়ার পর থেকে এখন আর তা-ও দেখা যায় না।
সওজ সূত্র জানায়, ২০১৯ সালের ১৮ জুন একনেকে ‘নেত্রকোনা-কেন্দুয়া-আঠারোবাড়ি-ঈশ্বরগঞ্জ জেলা মহাসড়ক উন্নয়ন প্রকল্প’ নামে একটি প্রকল্প অনুমোদন হয়। এর নেত্রকোনা অংশে নির্মাণ ব্যয় ধরা হয় ৩৫৩ কোটি টাকা। প্রকল্পের মেয়াদকাল আগামী ২০২২ সালের জুন পর্যন্ত। এর মধ্যে প্রায় ১৮২ কোটি টাকার জমি অধিগ্রহণ এবং ১৪৫ কোটি টাকার সড়ক সংস্কারের কাজ রয়েছে। বাকি টাকা সেতু, কালভার্ট, ঢালাই ইত্যাদি ধরা হয়। ২৬ ফুট প্রশস্তকরণসহ সড়কটি নির্মাণ করতে ২০১৯ সালের নভেম্বরে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। কিন্তু ওই প্রতিষ্ঠানটির সামর্থ্য না থাকায় তা বাতিল করা হয়। পরে তিনটি প্যাকেজ করে তিনটি প্রতিষ্ঠানকে সড়ক সংস্কারের কাজ দেওয়া হয়। প্রতিষ্ঠান তিনটি হচ্ছে এমএম বিল্ডার্স ও তানভির কনস্ট্রাকশন, মঈনউদ্দিন বাঁশি ও ভাওয়াল কনস্ট্রাকশন। মঈনউদ্দিন বাঁশি কিছু কাজ শুরু করলেও অন্য দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান এখনো সড়ক সংস্কারের কাজ শুরু করেনি।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, শহরের বনোয়াপাড়া পার হতেই শুরু হয় সড়কের বিধ্বস্ত অংশ। কিছু ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা, রিকশা, ভ্যান, কাভার্ড ভ্যান, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন যাত্রী নিয়ে হেলেদুলে চলাচল করছে। কোথাও কোথাও গর্তে পড়ে আটকে পড়ছে যান। সড়কের মদনপুর, রেন্টিতলা বাজার, রামপুর, উলুয়াটি মোড় এলাকায় বেশ কয়েকটি বড় গর্ত দেখা গেছে। বৃষ্টির পানি তাতে জমা হয়ে দুর্ভোগ আরও বেড়েছে।
মদনপুর বাজারের ব্যবসায়ী আলী আহম্মদ বলেন, এই সড়কে বাস চলে না। মানুষের দুর্ভোগের শেষ নেই। ঝুঁকি নিয়ে কিছু সিএনজি, ইজিবাইক ও মোটরসাইকেল যাত্রী বহন করে। এতে ভাড়া দিতে হয় অনেক বেশি। আগে নেত্রকোনা থেকে কেন্দুয়া পর্যন্ত সিএনজির ভাড়া ছিল ৬০ টাকা। এখন জনপ্রতি ৩৫০ থেকে ৪০০ টাকা করে দিতে হয়। ব্যবসায়ীরা মালামাল পরিবহন করতেও বেশি ভাড়া লাগে।
জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স ও তানভির কনস্ট্রাকশনের প্রকল্প ব্যবস্থাপক শাহাদাৎ হোসেনের দাবি, নেত্রকোনায় বৃষ্টি বেশি হচ্ছে। তাই কাজটি শুরু করতে একটু দেরি হচ্ছে। তবে কয়েক দিনের মধ্যে খানাখন্দে কিছু খোয়াবালু ফেলা হবে। আর মঈনউদ্দিন বাঁশির ব্যবস্থাপক রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন কেটে দেন। ভাওয়াল কনস্ট্রাকশনের ব্যবস্থাপক আবদুল হান্নান বলেন, এখন পাথর সহজে পাওয়া যাচ্ছে না। দামও বেশি, এ ছাড়া বৃষ্টি। তবে কাজ দ্রুত আরম্ভ করে নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করা যাবে।
নেত্রকোনা সওজের নির্বাহী প্রকৌশলী মো. হামিদুল ইসলামের মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। তবে ওই দপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী রাজীব কুমার দাশ বলেন, একটি প্যাকেজের কাজ চলছে। অন্য দুটির মালামাল আনা শুরু হয়েছে।