আড়াইহাজার থেকে আটটি হাতবোমা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ জেলার মানচিত্র

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার উচিৎপুরা ইউনিয়নের জাঙ্গালিয়া বাজার এলাকা থেকে আটটি হাতবোমা উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল। উদ্ধারের পর আজ সোমবার বেলা তিনটায় বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়। পুলিশের ধারণা, গত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে বোমাগুলো আনা হয়েছিল।

উচিৎপুরা ইউপির ৮ নম্বর ওয়ার্ড সদস্য আকতার হোসেন প্রথম আলোকে বলেন, রোববার মধ্যরাতে অজ্ঞাত এক ব্যক্তি জাঙ্গালিয়া বাজারের পাশে একটি প্লাস্টিকের বালতিতে বোমাসদৃশ কিছু বস্তু রেখে যান। বিষয়টি আড়াইহাজার থানাকে জানানো হলে পুলিশ রাতভর বস্তুগুলো ঘিরে রাখে। পরে জানা যায়, এগুলো বোমা। স্থানীয় অনেকে ধারণা করছেন, ডাকাতির কাজে ব্যবহারের জন্য বোমাগুলো আনা হয়েছিল।

সোমবার দুপুরে বোমাগুলো উদ্ধারের পর এক ঘণ্টার চেষ্টায় এগুলো নিষ্ক্রিয় করা হয়। নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) আবির হোসেন প্রথম আলোকে বলেন, হাতবোমাগুলো ককটেলের চেয়ে কিছুটা শক্তিশালী। ধারণা করা হয়, গত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে কোনো একটি পক্ষ বোমাগুলো এলাকায় নিয়ে এসেছিল। কিন্তু পুলিশের সতর্ক অবস্থানের কারণে সেগুলো ব্যবহার করতে না পেরে পরিত্যক্ত অবস্থায় ফেলে গেছে। বোমার উৎস খোঁজা হচ্ছে। এ ঘটনায় বিকেল চারটা পর্যন্ত কোনো মামলা হয়নি।