নারায়ণগঞ্জে ভোরে ঘর থেকে বের হয়ে লাশ হলো কিশোরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে তানজিনা আক্তার (১৪) নামের এক মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী এলাকা থেকে পুলিশ ওই কিশোরীর লাশ উদ্ধার করে।

নিহত তানজিনা ওই এলাকার আকতার হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি কওমি মাদ্রাসার ছাত্রী ছিল। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আজ বেলা তিনটা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা করা হয়নি।

আজ বৃহস্পতিবার ভোরে ফজর নামাজের অজু করতে ঘর থেকে বের হয়ে তানজিনা আর ঘরে ফেরেনি। বেলা ১১টায় বাড়ির পাশের একটি খোলা জায়গায় তার লাশ দেখেতে পেয়ে পুলিশকে খবর দেয় পরিবার।

তানজিনার বাবা আকতার হোসেন প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার ভোরে ফজর নামাজের অজু করতে ঘর থেকে বের হয়ে তাঁর মেয়ে আর ঘরে ফেরেনি। বেলা ১১টায় বাড়ির পাশের একটি খোলা জায়গায় তানজিনার লাশ দেখেতে পেয়ে পুলিশকে খবর দেন তাঁরা।

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) শওকত হোসেন প্রথম আলোকে বলেন, ওই কিশোরীর গলায় ফাঁসের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে তাকে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে ওই শিক্ষার্থীর সঙ্গে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।